সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

স্ত্রীর নম্বর ‘মোটু’ লিখে সেভ করায় বিবাহবিচ্ছেদ, দিতে হলো ক্ষতিপূরণ

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
স্ত্রীর নম্বর ‘মোটু’ লিখে সেভ করায় বিবাহবিচ্ছেদ, দিতে হলো ক্ষতিপূরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তুরস্কে একটি অস্বাভাবিক বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। এক ব্যক্তি তার প্রাক্তন স্ত্রীকে ডাকনাম হিসেবে যে শব্দটি ব্যবহার করেছিলেন, তা তাকে গুরুতর বিপদে ফেলেছে। স্বামী তার স্ত্রীর নাম্বার ফোনে ‘তোম্বিক’ নামে সেভ করে রেখেছিলেন, যার বাংলা অর্থ ‘মোটু’ বা ‘গোলগাল’। পশ্চিম তুরস্কের উসাকের একটি আদালত রায় দিয়েছেন, এই ডাকনামটি, সেইসঙ্গে স্বামীর পাঠানো অন্যান্য বার্তা আবেগজনিত ক্ষতি করেছে এবং তাদের বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে গণ্য হবে।

গালফ নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, সন্তানসহ এ দম্পতি আগে থেকেই তীব্র বিরোধে জড়িয়েছিলেন। স্ত্রী মানসিক যন্ত্রণার কারণ দেখিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, আর স্বামী পাল্টা মামলা করে স্ত্রীর বিরুদ্ধে অবিশ্বাস বা পরকীয়ার অভিযোগ আনেন। আদালতের কার্যক্রমে স্ত্রী প্রকাশ করেন, তার স্বামী তাকে একাধিকবার শত্রুভাবাপন্ন টেক্সট মেসেজ পাঠিয়েছেন, যার মধ্যে ছিল ‘দূরে যাও, আমি তোমাকে দেখতে চাই না’ এবং ‘শয়তান তোমার মুখ দেখুক’।

এ ছাড়া তিনি তার বাবার অস্ত্রোপচারের জন্য স্ত্রীর কাছে টাকাও দাবি করেছিলেন।
যদিও স্বামীর পরকীয়ার অভিযোগ আদালতে টেকেনি—তদন্তকারীরা দেখতে পান, অভিযুক্ত লোকটি কেবল একটি বই ডেলিভারি দিতে এসেছিলেন, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্কের প্রমাণ মেলেনি। আদালত দেখতে পান, স্বামীর অপমান এবং আর্থিক চাপই অনেক বেশি ক্ষতিকর ছিল। আদালত তার এই কাজকে ‘আবেগজনিত ও অর্থনৈতিক সহিংসতা’ হিসেবে রায় দেন।

তুর্কি আইন অনুসারে, কারো মর্যাদাহানি করে এমন শব্দ বা আচরণের জন্য জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। তবে এ ঘটনায়, পরকীয়ার অভিযোগ খারিজ হয়ে যায় ও বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করা হয়। এ ছাড়া স্বামীকে তার প্রাক্তন স্ত্রীকে বস্তুগত ও নৈতিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যদিও এর সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি।

এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনলাইন ব্যবহারকারীরা এই রায়ের পক্ষে-বিপক্ষে নানা মত দিচ্ছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘মোটু ডাকনামটি শুনতে বরং বেশ মিষ্টি লাগে। মোটা হওয়া কোনো খারাপ বিষয় নয়, আর মোটা ডাকাটাও সব সময় অপমান নয়।’

অন্যদিকে আরেকজন লিখেছেন, ‘এটি একটি ন্যায্য রায়। স্বামী তার স্ত্রীকে ক্রমাগত অপমানজনক বার্তা পাঠাচ্ছিলেন এবং ঠিক সেখানেই তিনি সীমা লঙ্ঘন করেছেন।’

তৃতীয় আরেকজন বলেছেন, ‘আমি অন্তত আমার বন্ধুদের নম্বরগুলোর নাম পরিবর্তন করতে যাচ্ছি, যাতে কোনো আক্রমণাত্মক নাম না থাকে।’