খেলা

গোলের বন্যা বইয়ে দিল আর্সেনাল

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

প্রাক-মৌসুমে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। প্রীতি ম্যাচে নরওয়ের ক্লাব ভাইকিংকে ৮-০ গোলের বন্যায় ভাসিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল।

আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন জোয়েল ক্যাম্বেল ও অ্যালেক্স লোওবি। একটি করে গোল করেছেন সান্তি কাজোরলা, থিও ওয়ালকট ও চুবা অ্যাকপক। অপর গোলটি ভাইকিংয়ের মাইকেল হুকাসের আত্মঘাতী।

শুক্রবার রাতে নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে আর্সেনালের সঙ্গে বেশ ভালোই লড়াই করেছিল ভাইকিং। চতুর্থ মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্সেনাল। তবে পেনাল্টি থেকে কাজোরলার শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

এরপর ৩৩ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ক্যাম্বেল (১-০)। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি অতিথিরা। তখনও কে জানতো, দ্বিতীয়ার্ধে একরকম গোলের বন্যা বইয়ে দেবে ‘গানার্স’রা!

দ্বিতীয়ার্ধের ৫০ থেকে ৫৯, এই ৯ মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড ভাইকিং। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাজোরলা। দুই মিনিট পর দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ওয়ালকট। এক মিনিট পরই ভাইকিংয়ের হুকাসের আত্মঘাতী গোল। আর ৫৯ মিনিটে নিজের জোড়া গোলে স্কোরলাইন ৫-০ করে ফেলেন ক্যাম্বেল।

এরপর ৭১ ও ৮১ মিনিটে লোওবি পূর্ণ করেন নিজের জোড়া গোল। আর ৮৯ মিনিটে অ্যাকপমের গোলে শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

সূত্র: রাইজিংবিডি