সিল্কসিটিনিউজ ডেস্ক:
বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর একাধিক বিস্ফোরণ ও সন্দেহভাজন ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।
চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার জানান, বুধবার রাতে কোপেইস্ক শহরের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে ১০ জন মারা গেছেন এবং আরো পাঁচজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

গভর্নর টেক্সলার জোর দিয়ে বলেন, এই বিস্ফোরণগুলো ড্রোন হামলার কারণে ঘটেনি।
স্বাধীন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরিত ওই কারখানাটি ‘প্লাস্টমাস’ নামের একটি প্লাস্টিক প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা রুশ সেনাবাহিনীর জন্য আর্টিলারি গোলাবারুদও তৈরি করে এবং বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
দক্ষিণাঞ্চলীয় শহর স্ট্যাভ্রোপলেও গভীর রাতে আরেকটি বিস্ফোরণ ঘটে। এটি একটি সামরিক ঘাঁটির কাছাকাছি ছিল বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি বাসস্টপের পাশে বিস্ফোরক ভর্তি একটি শিশুর স্ট্রলার (বেবি কার্ট) পড়ে ছিল, সেখান থেকেই বিস্ফোরণটি ঘটে।
কমারসান্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন এবং একজন পুরুষকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগ আনা হয়েছে। ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক এবং বেলগোরোড অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় দুটি যানবাহনে আগুন ধরে যায় এবং তাতে দুজন বেসামরিক নাগরিক নিহত হন।
এদিকে রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানান, ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শিল্প এলাকায় আগুন ধরে যায়। স্বাধীন সংবাদমাধ্যম অ্যাস্ট্রা স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, আগুনটি রিয়াজান তেল শোধনাগারে লেগেছিল।
তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা রাতারাতি মোট ১৩৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত বা আটক করেছে। এর মধ্যে বেলগোরোড অঞ্চলে ৫৬টি, ব্রায়ানস্কে ২২টি এবং রিয়াজানে ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
সূত্র : দ্য মস্কো টাইমস।










