সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য তৈরি করা পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকা এবং মিসরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিংটি পুনরায় খোলার কথা থাকলেও, জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর আহ্বান সত্ত্বেও তা এখনো স্থগিত রয়েছে।
এই সীমান্ত ক্রসিংটি গাজাবাসীদের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ প্রবেশপথ
মিসরে প্রবেশের জন্য রাফা ক্রসিং মানবিক কর্মীদের এবং ত্রাণ, খাদ্য ও জ্বালানি বহনকারী লরিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। বিদ্যুৎবিহীন এই ভূখণ্ডে দৈনন্দিন জীবনযাত্রার জন্য এই সরবরাহ অপরিহার্য।
দীর্ঘদিন ধরে, ২০০৭ সাল থেকে ইসরায়েলি অবরোধের অধীনে থাকা গাজার এই সংকীর্ণ ভূমিখণ্ড থেকে বাইরে যাওয়ার অনুমতিপ্রাপ্ত ফিলিস্তিনিদের জন্য এটিই ছিল প্রধান বহির্গমন পথ।
২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত এটি ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা প্রথম ফিলিস্তিনি সীমান্ত টার্মিনাল।
এরপর এটি গাজা উপত্যকার ওপর হামাসের নিয়ন্ত্রণের অন্যতম প্রতীক হয়ে ওঠে।
ইসরায়েলের নিয়ন্ত্রণে
২০২৪ সালের ৭ মে ইসরায়েলি সেনাবাহিনী রাফার ফিলিস্তিনি দিকের নিয়ন্ত্রণ নেয়।
অস্ত্র পাচারের সন্দেহের মধ্যে ইসরায়েল দাবি করে, এই ক্রসিংটি ‘সন্ত্রাসী উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে’।
সেই থেকে জাতিসংঘ কর্তৃক ব্যবহৃত প্রবেশপথগুলোসহ বেশিরভাগ প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে।
১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর হওয়া একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় রাফা স্বল্প সময়ের জন্য পুনরায় খোলা হয়েছিল। প্রথমে যাদের গাজা ছাড়ার অনুমতি ছিল তাদের এবং পরে ট্রাক চলাচলের সুযোগ দেওয়া হয়েছিল।
শিগগিরই কি খুলবে?
ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এটি পুনরায় খোলার পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় শেষ পর্যন্ত ঘোষণা করে, ক্রসিংটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক বিষয়াদি তদারককারী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাটের মতে, ক্রসিংটি অবশ্যই ‘শুধু মানুষের চলাচলের জন্য’ খোলা থাকতে হবে।
ট্রাম্পের পরিকল্পনা, যা ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ভিত্তি, তাতে বলা হয়েছে, এই ভূখণ্ড আবার আন্তর্জাতিক মানবিক সাহায্যের জন্য উন্মুক্ত হবে এবং রাফা ক্রসিং খোলা হবে।
কিন্তু ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে, ইসরায়েলি কর্তৃপক্ষ প্রথমে হামাস কর্তৃক সব জিম্মির মরদেহ ফেরত দিতে না পারাকে, তারপর মিসরের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তাকে এবং সবশেষে রবিবার হামাসের কথিত লঙ্ঘনের অভিযোগে বিমান হামলার কথা উল্লেখ করে বিষয়টি ঝুলিয়ে রেখেছে।
কারেম শালম
আন্তর্জাতিক সাহায্য সাধারণত মিসরের পোর্ট সাইদ বা এল-আরিশ বন্দরের মাধ্যমে আসে, যা গাজা উপত্যকার নিকটতম শহর।
সেখানে শত শত মানবিক সহায়তার ট্রাক সীমান্ত পার হওয়ার অপেক্ষায় থাকে।
চালক ও কর্মীদের বর্ণনা অনুযায়ী, রাফা চেকপয়েন্ট পার হওয়ার পর ট্রাকগুলোকে কয়েক কিলোমিটার দূরে ইসরায়েলি ক্রসিং কারেম শালমের দিকে নিয়ে যাওয়া হয়।
সেখানে চালকদের তাদের যানবাহন থেকে নামতে হয় এবং গাড়িগুলো পরিদর্শনের জন্য পাঠানো হয়।
কঠোর যাচাই-বাছাইয়ের পর, প্রবেশের জন্য অনুমোদিত পণ্যগুলো নামানো হয় এবং গাজায় প্রবেশের অনুমোদিত অন্য যানবাহনে পুনরায় বোঝাই করা হয়।
অন্যান্য ক্রসিং
ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তিতে প্রতিদিন ৬০০ ট্রাক প্রবেশের বিধান রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, আপাতত ইসরায়েল কম পরিমাণে মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিচ্ছে, যার তিন-চতুর্থাংশ কারেম শালম ক্রসিং দিয়ে এবং বাকিটা কিসুফিম ক্রসিং দিয়ে প্রবেশ করানো হচ্ছে।
গাজা ও দক্ষিণ ইসরায়েলের মধ্যকার এরেজ বা বেইত হানুন ক্রসিংটি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস বন্দুকধারীদের হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল।
২০২৫ সালের শুরুর দিকে এটি স্বল্প সময়ের জন্য পুনরায় খোলা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে এবং কবে নাগাদ তা আবার খুলবে, সে বিষয়ে কোনো তারিখ নির্ধারিত হয়নি।
অতীতে অন্যান্য প্রবেশপথও চালু ছিল, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ সেগুলো পুনরায় খোলা হবে কি না, সে বিষয়ে কোনো কিছু জানায়নি।










