সিল্কসিটিনিউজ ডেস্ক :
মিসরের প্রধান কারি (শায়খুল মাকারি আল-মিসরিয়্যাহ) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিখ্যাত কারি শায়খ ড. আহমাদ আহমাদ নাঈনা।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির ধর্মমন্ত্রী ড. উসামা আল-আযহারির সিদ্ধান্তে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। শায়খ ড. আহমাদ আহমাদ নাঈনা কয়েক দশক ধরে বিশ্বব্যাপী পবিত্র কোরআনের খিদমত করে আসছেন।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ড. নাঈনা বলেন, ‘আমি এই বিশ্বাস ও আস্থার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ তাআলা যেন আমাকে এই মহান দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন এবং রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে আমাদের প্রিয় দেশ মিসরকে নিরাপদ রাখেন।’
ধর্মমন্ত্রী তাঁর প্রশংসা করে বলেন, ‘ড. আহমাদ নাঈনা বর্তমান সময়ের শ্রেষ্ঠ কারিদের অন্যতম, যিনি পবিত্র কোরআনের খিদমতে নিজেকে উৎসর্গ করেছেন।’
ড. নাঈনা ১৯৫৪ সালে মিসরের কাফরুশ শাইখ এলাকায় জন্মগ্রহণ করেন এবং কৈশোরেই কোরআন হিফজ সম্পন্ন করেন। তাঁর মিষ্টি ও আবেগপূর্ণ কণ্ঠস্বর মিসরসহ বিশ্বজুড়ে কোরআনপ্রেমীদের হৃদয় ছুঁয়েছে।
তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেছেন।









