নিজস্ব প্রতিবেদক :
ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রোজেকশন মিটিংয়ে বিতরণের উদ্দেশ্যে আনা চার বস্তা খাবার ফিরিয়ে দিয়েছে রাকসু নির্বাচন কমিশন।
সোমবার (১৩ অক্টোবর) রাতে ছাত্রীদের বেগম খালেদা জিয়া ও মুন্নুজান হলে বিতরণের জন্য আনা ১০০ টাকা মুল্যের অন্তত ৭০০ প্যাকেট নাস্তা ফিরিয়ে দেয়া হয়। ওই প্যাকেটে স্যান্ডউইচ, চকলেট ও সস ছিলো।

শিক্ষার্থীদের ভাষ্য, সোমবার রাতে ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ আয়োজনে মুন্নুজান হল ও খালেদা জিয়া হলে প্রোজেকশন মিটিং অনুষ্ঠিত হয়। এ সময় তারা ভোটারদের মাঝে বিতরণের জন্য নাস্তার প্যাকেট নিয়ে আসে। হলের স্বতন্ত্র প্রার্থীরা আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে বিষয়টি কমিশনকে জানায়। কমিশন হলে এসে খাবার বিতরণ বন্ধ করে ও সেগুলো ফেরত পাঠায়।
সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, একটা সভায় নাস্তা বিতরণ খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা এর আগে ১১টি হলে প্রজেকশন মিটিংয়ে হালকা নাস্তা বিতরণ করেছি। তখন বাধা দেয়া হয়নি। আজকে কেন বাধা দেয়া হলো জানি না। তার দাবি, নাস্তা বিতরণে আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেনি।
তবে একাধিক প্রার্থী জানিয়েছেন, খাবার বিতরণের মাধ্যমে আচরনবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে। কমিশন প্রমাণ পাওয়ার পরও ব্যবস্থা নেয়নি, যা দুঃখজনক।
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, খাবারগুলো যে দোকান থেকে আনা হয়েছিল, সেখানে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্যানেলকে সতর্ক করা হয়েছে।









