লাইফ স্টাইল

রক্তে প্লাটিলেট কমে গেলে যেসব ফল খাওয়া জরুরি

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডেঙ্গু হলেই প্লাটিলেট কমে যাওয়ার কথা আমরা জানি। তবে শুধু ডেঙ্গু নয়, অন্যান্য অনেক রোগেও রক্তে প্লাটিলেট (অণুচক্রিকা) কমে যেতে পারে। স্বাভাবিকভাবে, প্রতি মাইক্রোলিটার রক্তে প্লাটিলেটের মাত্রা থাকা উচিত ১.৫ লাখ থেকে ৪.৫ লাখের মধ্যে। এই মাত্রা এর চেয়ে কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের (ইন্টারনাল ব্লিডিং) ঝুঁকি তৈরি হয়।

তবে খাদ্য তালিকার মাধ্যমে প্রাকৃতিকভাবেই প্লাটিলেটের মাত্রা বাড়ানো সম্ভব। চলুন, জেনে নিই, কোন খাবার খেলে প্লাটিলেট বাড়ে।
পেঁপে ও পেঁপে পাতা
প্লাটিলেট বাড়াতে পেঁপে ও এর পাতার ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডেঙ্গুর সময় পেঁপে পাতার নির্যাস খুবই উপকারী।

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ শরীরের অস্থিমজ্জাকে প্লাটিলেট উৎপাদনে সহায়তা করে।
আমলকি
ভিটামিন সি-এর ভান্ডার আমলকি প্লাটিলেট বাড়াতে কার্যকর। এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্লাটিলেট কোষকে ক্ষয় থেকে রক্ষা করে। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতেও এর জুড়ি নেই।

ডালিম
ডালিমে রয়েছে আয়রন ও ফোলেট, যা নতুন রক্তকোষ ও প্লাটিলেট তৈরিতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি প্লাটিলেটের স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কিউই
এই ফলটি প্লাটিলেট বৃদ্ধিতে অত্যন্ত উপকারী। এতে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, ফলে প্লাটিলেট কমে গেলেও রক্তপাতের ঝুঁকি কমে যায়। কিউইতে থাকা ফোলেট ও ভিটামিন সি প্লাটিলেট তৈরির জন্য অস্থিমজ্জাকে উদ্দীপিত করে।

প্লাটিলেট কমে গেলে ঘাবড়ে না গিয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফল ও পুষ্টিকর খাবার খেলে রক্তে প্লাটিলেটের মাত্রা স্বাভাবিক রাখাটা সহজ হয়ে যাবে।

সূত্র : সংবাদ প্রতিদিন