রাজশাহী

রাজশাহীতে পাইলট ও শামীমকে সংবর্ধনা

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত বোর্ড পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান শামীমকে সংবর্ধনা প্রদান করেছে নগরীর বিভিন্ন ক্রিকেট একাডেমি।

শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচ রইসউদ্দিন বাবু। অনুষ্ঠানে বৈকালী সংঘ ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা তুলে দেন খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ মোখলেসুর রহমান শামীমের হাতে। এরপর পর্যায়ক্রমে ফুলেল শুভেচ্ছা প্রদান করে ক্রিকেট কোচিং স্কুল, যুব ক্রিকেট স্কুল, কাটাখালী ক্রিকেট একাডেমি, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় মুসফিকুর রহমান বাবু, সাইফুল্লাহ খান জেম, এফসিআরের সাধারণ সম্পাদক ওমর শরিফ খান রওনক এবং সাধারণ সম্পাদক শেখ মামুন ডলার।

সংবর্ধনার শুরুতে নবনির্বাচিত পরিচালকরা রাজশাহীর ক্রিকেট উন্নয়ন নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, রাজশাহীতে বিপিএল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এ লক্ষ্যে স্টেডিয়াম ও অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

রোববার সকালে বিসিবির একটি প্রতিনিধি দল রাজশাহী সফরে আসবে বলে জানান তারা।