লাইফ স্টাইল

ডায়াবেটিক রোগীদের জন্য গুড় কি নিরাপদ?

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডায়াবেটিস ধরা পড়লেই খাবারে চলে আসে নানা বিধিনিষেধ। বিশেষ করে অনিয়মিত জীবনযাপন, কায়িক পরিশ্রমের অভাব ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আজকাল অনেক কম বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে কিছু নিয়ম মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবারের প্রতি সচেতন থাকা।

অনেকের ধারণা, শুধু মিষ্টি বেশি খেলেই ডায়াবেটিস হয়। বাস্তবে তা নয়, তবে একবার ডায়াবেটিস হলে অবশ্যই মিষ্টিজাতীয় খাবারে রাশ টানতে হয়। অনেকেই চিনি এড়িয়ে চলে গুড় ব্যবহার শুরু করেন, ভাবেন এটি নিরাপদ। কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল।

ডায়াবেটিসে গুড় কি নিরাপদ?
গুড় একটি প্রাকৃতিক মিষ্টি। সাধারণত আখ বা খেজুরের রস থেকে এটি তৈরি করা হয়। এতে আয়রন, পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকলেও, ডায়াবেটিক রোগীদের জন্য এটি মোটেও নিরাপদ নয়। ১০০ গ্রাম গুড়ে থাকে প্রায় ৩৮৩ ক্যালরি ও ৬৫-৮৫ শতাংশ সুক্রোজ, যা ডায়াবেটিকদের রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে।

এর ফলে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হয়ে যায়, যা ডায়াবেটিস রোগীর শরীরে নানা জটিলতা তৈরি করে।
চিনির বিকল্প হিসেবে গুড় নয়
অনেকে মনে করেন, চিনির বদলে গুড় খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বাস্তবতা হলো, গুড়ের গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। অর্থাৎ, এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। নিয়মিত গুড় খেলে ডায়াবেটিক রোগীদের শরীরে দেখা দিতে পারে কিডনি সমস্যা, হৃদরোগ এমনকি অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি।

কী করবেন?
ডায়াবেটিক রোগীদের উচিত এমন খাবার বেছে নেওয়া, যার গ্লাইসেমিক ইনডেক্স কম। গুড় বা অন্যান্য প্রাকৃতিক মিষ্টি—যতই স্বাস্থ্যকর মনে হোক না কেন, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণে এগুলো এড়িয়ে চলাই ভালো।

সূত্র : আনন্দবাজার