রাজশাহী

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, বিচার চান আহতরা

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে জমির পয়ঃনিষ্কাশনের জন্য পাইপ লাইন বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ছয়জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে ডাঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবার।

তারা বলেন, গত ২৯ সেপ্টেম্বর তারা আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া মাদ্রাসার মৌখিক অনুমতি নিয়ে মাদ্রাসার জমিতে পানি নিষ্কাশনের জন্য ৬ ইঞ্চি পাইপলাইন বসাতে চেয়েছিলেন। কিন্তু সাজ্জাদ গং নামে এক ব্যক্তি বাধা প্রদান করে বাস ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করে।

ভুক্তভোগীরা বলেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে মীমাংসার চেষ্টা করলেও বিরোধী পক্ষ তা অগ্রাহ্য করে চলে যায়। পরে মাদ্রাসার অনুমতিতে কাজ শুরু করলে ১ অক্টোবর সকালে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়।

তারা বলেন, হামলাকারীরা তাদের পরিবারের সদস্যদেরকে মারধর করে এবং মোঃ নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম নামে দুই ভাইকে গুরুতর জখম করে তাদের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। এছাড়া মায়ের শ্লীলতাহানিও করা হয়। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং থানায় মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ন্যায়বিচার ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন তারা।

তারা জানান, এই ঘটনার মাধ্যমে তারা তাদের মাটি ও শান্তি রক্ষার জন্য ন্যায্য অধিকার আদায়ের চেষ্টা করছিলেন, কিন্তু পরিকল্পিত হামলার শিকার হয়েছেন।