সিল্কসিটিনিউজ ডেস্ক :
দীর্ঘ সময় বসে কাজ করছেন কিংবা সকালে ঘুম থেকে উঠে বিছানায় পা নামাতেই টের পাচ্ছেন, গোড়ালিতে অসহনীয় ব্যথা। পায়ের পাতা ভারী হয়ে ফুলে যাচ্ছে, হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে, এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। অনেকেই একে সাধারণ ক্লান্তি বা বাতের সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এর পিছনে থাকতে পারে এক নির্দিষ্ট কারণ, প্ল্যান্টার ফ্যাসাইটিস।
এই সমস্যা দ্রুত চিহ্নিত না করলে ব্যথা সময়ের সঙ্গে আরো বাড়তে পারে এবং দৈনন্দিন চলাফেরায় অসুবিধা তৈরি করতে পারে। তাই শুরুতেই এর কারণ, ঝুঁকিপূর্ণ দিক ও সহজ সমাধানগুলো জেনে রাখা জরুরি। এমন হলে বিষয়টিকে হালকাভাবে নেবেন না।

প্ল্যান্টার ফ্যাসাইটিস কী?
পায়ের পাতায় একটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট থাকে, যার নাম প্ল্যান্টার ফাসিয়া।
এটি গোড়ালি থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত থাকে। হাঁটাচলার সময় এই লিগামেন্ট পায়ের ভারসাম্য বজায় রাখে। যখন এই লিগামেন্টে চাপ পড়ে বা তা ক্ষতিগ্রস্ত হয়, তখনই শুরু হয় ব্যথা ও ফোলাভাব। সাধারণত, সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতেই তীব্র ব্যথা অনুভূত হয়।
কিছুক্ষণ হাঁটার পর ব্যথা একটু কমে আসে। অনেক সময় অফিসে বসে কাজ করার সময়ও হঠাৎ পা ভারী ও ফুলে যেতে পারে।
কারা বেশি আক্রান্ত হন?
১। অতিরিক্ত ওজন বা স্থূল মানুষ,
২। যারা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করেন,
৩।
যাদের ফ্ল্যাট ফুট আছে (পায়ের পাতা পুরোপুরি মাটিতে লেগে থাকে),
৪। যারা ভুল মাপের জুতো পরে থাকেন বা নিয়মিত হিলজুতো পরেন,
উপশমের উপায় কী?
১। সঠিক জুতো নির্বাচন করুন
২। লবণ মিশ্রিত গরম পানিতে পা ভিজিয়ে রাখুন, ১০ মিনিট রাখলে ব্যথা কমবে এবং আরাম পাবেন।
৩। ঠাণ্ডা ও গরম সেঁক দিন, প্রথমে ৫ মিনিট ঠাণ্ডা সেঁক, তারপর গরম সেঁক দিলে ব্যথা কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
৪। সহজ ব্যায়াম করুন
হিল রেইজ : পায়ের পাতার উপর ভর দিয়ে গোড়ালি তুলুন, কিছুক্ষণ ধরে রেখে আবার নিচে নামান। দিনে ১০–১৫ বার করুন।
টো রেইজ : সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের আঙুল মাটি থেকে তুলুন এবং সেইভাবে কয়েক কদম হাঁটুন। এটি ওয়ার্ম আপের মতো কাজ করে।
পায়ের পাতার ব্যথাকে অবহেলা করলে তা দীর্ঘমেয়াদে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই প্রাথমিক পর্যায়েই চিকিৎসকের পরামর্শ নিন, আর জীবনধারায় কিছু পরিবর্তন আনুন।
সূত্র : আনন্দবাজার









