লাইফ স্টাইল

তেল ছাড়াই ভাজা যাবে চিপস-পাপড়, জানুন কৌশল

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সকাল বা রাতের আড্ডা হোক কিংবা চায়ের সঙ্গে টা—সঙ্গে একটু ভাজাপোড়া থাকলে বিষয়টি বেশ ভালোই জমে। ফিশ ফ্রাই, ফিশ চপ, শিঙাড়া কিংবা ডিমের ডেভিল খেতে বরাবরই ভালোবাসেন অনেকে। কিছু না পেলে মুড়ি আর পাপড় ভাজা হলেও মন্দ হয় না।

শুধু সন্ধ্যাবেলাই নয়, দুপুরে ডালভাতের সঙ্গে একটু পাপড় ভাজা কিংবা আলুর চিপ্‌স খেতেও মন্দ লাগে না।

তবে খেতে ইচ্ছে করলেও কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখের চোখরাঙানিতে লোভ হলেও চিপ‌্‌স, পাপড় থেকে দূরে থাকেন অনেকেই।
তবে চিপ্‌স, পাপড় খাওয়াও হবে আর শরীরের কোনো ক্ষতি হবে না, এমন কোনো উপায় থাকলে কেমন হয়? স্বাস্থ্যকর উপায়ে পাপড় ভাজার উপায় জানুন আজকের প্রতিবেদনে।

 

পাপড় ভাজাও খাবেন আর তেলও যাবে না শরীরে, তেমনই টোটকা জানালেন রন্ধনশিল্পীরা। এর জন্য তেলের পরিবর্তে ব্যবহার করতে হবে লবণ।

রন্ধনশিল্পীরা বলেন, চিপ্‌স, পাপড় খেতে ইচ্ছে করলে নিজেকে আটকাবেন না। কড়াইতে তেলের পরিবর্তে লবণ গরম করে নিন। এবার পাপড়গুলো লবণভর্তি কড়াইতে নাড়াচাড়া করুন। তাহলেই দেখবেন পাপড় সেঁকা হয়ে গেছে কয়েকমিনিটের মধ্যেই।

এভাবেই সাবুর পাপড়, ছোট আকারের রঙিন পাপড়, আলু চিপস—সবই তাতে ‘ভেজে’ নেওয়া যাবে।
এ ছাড়া বাড়িতে অন্যান্য ভাজাপোড়া করলে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা যায়। মাঝেমধ্যে তেলেভাজা খেতে ইচ্ছে করলে ভাজাপোড়াতে তেলের ব্যবহার কমানোর উপায়—

বেশিরভাগ ভাজাপোড়াতেই বেসন ব্যবহার করা হয়। বেসনের মিশ্রণটি খুব ঘন হলে কিন্তু বেশি তেল টেনে নেয় ভাজাপোড়া। মিশ্রণটি যতটা সম্ভব পাতলা রাখার চেষ্টা করুন।

ভাজাপোড়ার সময় সবজি, মাংস যদি আধাসিদ্ধ করে তারপর ভাজা যায়, তাহলে তেলও কম লাগে।
এ ছাড়া ছাঁকা তেলে ভাজা খাবার থেকে অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য বেশ কয়েকটি টিস্যু পেপার একসঙ্গে রেখে কাজে লাগাতে পারেন। আগে ব্যবহার করা তেল বা পোড়া তেল দ্বিতীয় বার ব্যবহার করা যাবে না। পোড়া তেলে ভাজা খাবার খেলে অম্বল, গলা-বুক জ্বালা হতে পারে।

সূত্র : আনন্দবাজার ডট কম