নাটোর

লালপুরে জলবদ্ধতায় পড়েছেন জ্যোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চর্মরোগের আশঙ্কা

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

লালপুর( নাটোর) প্রতিনিধি :

পানিতে ডুবে গেছে বিদ্যালয়ের রাস্তা ও খেলার মাঠ নাটোরের লালপুরে টানা বর্ষণে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন জ্যোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা ও খেলার মাঠ ডুবে গেছে নোংরা পানিতে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার  পাশাপাশি ভুগছে নানা চর্মরোগে।

 

সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পাকা রাস্তা থেকে প্রায় ১০০ মিটার দূরে বসন্তপুর বিলের পাশে একতলা স্কুল ভবন। চারপাশে হাঁটু সমান পানি জমে আছে। বিলের পানি প্রবাহের মুখে স্থানীয়ভাবে পুকুর কেটে মাছ চাষ করায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানি প্রবাহ। ফলে পানি আটকে বিদ্যালয়মুখী পথে তৈরি হয়েছে স্থায়ী জলবদ্ধতা।

এ অবস্থায় স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হাঁটু পর্যন্ত কাপড় গুটিয়ে কিংবা জামা কাপড় সামলে প্রতিদিন সেই পানি মাড়িয়ে স্কুলে আসছে শিক্ষার্থীরা। অনেক সময় পা পিছলে ভিজে যাচ্ছে বইপত্রও। পঞ্চম শ্রেণীর ছাত্র আবু সাইদ জানান, ‘স্কুলে আসা-যাওয়া খুব কষ্টকর। পানি পার হওয়ার পর শরীর চুলকায়। অনেক বন্ধুর শরীরে চর্মরোগ দেখা দিয়েছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মাসুম বলেন, ‘জলাবদ্ধতায় বিদ্যালয়ের ১৪২ জন শিক্ষার্থী ও শিক্ষক বিপাকে পড়েছেন। চারপাশের ময়লা পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। শ্রেণিকক্ষে ব্যাঙ, পোকামাকড় এমন কি সাপ ঢোকার আশঙ্কাও আছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে প্রাক প্রাথমিকের (শিশু শ্রেণির)  পাঠদান বন্ধ রাখতে হয়েছে।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোসা. নার্গিস সুলতানা জানান, প্রধান শিক্ষক বিষয়টি অবহিত করেছেন। উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তাকে পাঠানো হবে। সাধ্যের মধ্যে থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। শিক্ষক ও অভিভাবকের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের যাতায়াত রাস্তা ও খেলার মাঠ ভরাট করে উঁচু না করলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও ব্যাহত হবে।