নিজস্ব প্রতিবেদক:
প্রতারণার দুইটি মামলায় রাজশাহী মহানগর যুবলীগের ২৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাব্বির আহমদেকে জেলহাজতে পাঠিয়েছে মতিহার থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।এরআগে বৃহস্পতিবার রাতে নগরী আমজাদের মোড় এলাকা থেকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার সাব্বির আহমদে মতিহার সুজাপুর এলাকার মাজদার রহমানের ছেলে।
মতিহার থানা সূত্র জানায়, প্রতারণার মাধ্যমে এবং জোরপূর্বক মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে আজ শুক্রবার তার নামে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে এই অভিযোগে চলতি বছরের গত ২৭ জুলাই একটি মামলা দায়ের করা হয়। এই দুইটি মামলায় যুবলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির সিল্কসিটি নিউজকে জানান, যুবলীগ নেতা সাব্বির বিভিন্ন সময় মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায় করেছে। অনেক সময় জোরপূর্বকও টাকা আদায় করেছে। এ ঘটনায় তার নামে থানায় মামলাও রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী সিল্কসিটি নিউজকে বলেন, সাব্বিরকে আটকের বিষয়ে জেনেছি। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অভিযাগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/মি










