সিল্কসিটিনিউজ ডেস্ক :
আমার নাম জসিম উদ্দিন। ঢাকার কালাচাঁদপুর এলাকায় বসবাস করি। আমার এক বন্ধু একটি মোবাইল ফোন কম্পানির শোরুমের ম্যানেজার। আমি তাঁর পরিচয়ে স্বল্প মূল্যে মোবাইল ফোন কিনতে পারি।
আমি তাঁর কাছ থেকে মোবাইল ফোন কিনে অন্যদের কাছে কিস্তিতে বিক্রি করি। এ ক্ষেত্রে আমি বাজারমূল্যের চেয়ে দাম কিছুটা বেশি ধরি। আমার এভাবে নগদ টাকায় মোবাইল ফোন কিনে কিস্তিতে বিক্রি করা কি বৈধ?
প্রাজ্ঞ আলেমরা বলেন, কেউ যদি নগদ মূল্যে বা বাকিতে কোনো পণ্য কিনে তা কিস্তিতে বিক্রি করতে চায়, তবে নিম্নোক্ত শর্তগুলো পালন করতে হবে। এসব শর্তের কোনোটি ছুটে গেলে লেনদেন বৈধ হবে না।

শর্তগুলো হচ্ছে :
১. লেনদেনের ধরন ঠিক করতে হবে। এটা নগদ লেনদেন, না বাকি লেনদেন।
২. মোবাইলের মোট মূল্য কত তা নির্ধারণ করা।
৩. কয় কিস্তিতে পরিশোধ করা হবে এবং প্রত্যেক কিস্তিতে কত টাকা পরিশোধ করা হবে তা নির্ধারণ করা।
৪. সমুদয় কিস্তি পরিশোধের সময় নির্ধারণ করা। যেমন—তিন মাস, ছয় মাস বা এক বছর।
৫. কিস্তি আদায়ে বিলম্ব হলে জরিমানার নামে বাড়তি টাকা আদায় না করা।
৬. নির্ধারিত সময়ের ভেতর কিস্তি পরিশোধ করতে না পারলে পরিশোধ করা টাকা ও পণ্য কবজা করার শর্ত না দেওয়া। (তাফসিরে কবির : ৯/৩৬৩; আল বাহরুর রায়িক : ৬/১২৫; ফাতাওয়ায়ে শামি : ৪/৬২)
আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।









