নাটোর

আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে দল করেছি : তাইফুল ইসলাম টিপু

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, “আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করেই আমি দল করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। ব্যক্তিগত জীবনে অনেক সুযোগ থাকলেও নৈতিকতার জায়গায় কখনো আপস করিনি।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নাটোরের লালপুরে উপজেলা ও গোপালপুর পৌর যুবদলের আয়োজিত মতবিনিময় ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টিপু বলেন, “আমরা গত ১৭ বছর আওয়ামী লীগকে মোকাবিলা করেই টিকে আছি। আবার যদি তারা ফিরে আসে, যারা গোপনে টিকে ছিল তাদের অস্তিত্ব থাকবে না। তাই সকল দল ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”

তিনি আরও দাবি করেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের কাছে নিরাপদ। কিন্তু আমরা যদি তাকে প্রধানমন্ত্রী বানাতে না পারি, বিএনপির নেতাকর্মীরা আবারও অনিরাপদ হয়ে পড়বে।”

লালপুর-বাগাতিপাড়ায় বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র প্রকট উল্লেখ করে টিপু বলেন, “দলের ভেতরে কেউ অপরিহার্য নয়। স্বার্থবিরোধী কাজ করে কেউ টিকতে পারবে না।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজির উদ্দিন বাবু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন। এ সময় লালপুর উপজেলা ও গোপালপুর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।