সিল্কসিটিনিউজ ডেস্ক :
চাঁদপুরের হাজীগঞ্জে আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় সাগর সাহা (২০) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের সঞ্জয় সাহার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, সাগর তার মোটরসাইকেল নিয়ে হাজীঞ্জ থেকে রামগঞ্জ যাচ্ছিলেন।

এ সময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সঞ্জয় সাহা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের পর তার ছেলে মোটরসাইকেল নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
নিহতের স্বজন ডলি রানী সাহা জানান, দুই ভাইয়ের মধ্যে সাগর ছোট। বড় ভাই প্রবাসে থাকায় সাগর তার বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করতেন।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, ‘পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
তবে চালক পালিয়ে গেছে। মামলার পরিপ্রেক্ষিতে চালককে আটকের চেষ্টা চলছে।’










