সিল্কসিটিনিউজ ডেস্ক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ শিরোনামে প্রণীত এই নতুন বিধিমালায় নিয়োগ পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক নম্বর বিভাজন, পাস নম্বর ও পরীক্ষার সময় স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত ও মৌখিক—এই দুই ধাপে। লিখিত পরীক্ষায় মোট নম্বর ৯০।

আর মৌখিক পরীক্ষায় নম্বর ১০। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
লিখিত পরীক্ষায় বাংলা (২৫), ইংরেজি (২৫), গণিত (২০) এবং দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) ২০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪৫ (৯০ এর মধ্যে ৫০%), মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫ (১০ এর মধ্যে ৫০%)।
লিখিত পরীক্ষা ৯০ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত নয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন। নতুন বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ফলে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ এখন থেকে বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের মধ্যেই প্রায় ১৩ হাজার ৫০০টি সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। নতুন বিধিমালা অনুযায়ীই এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।










