সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। এ ছাড়া বিস্ফোরণে প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে এবং ড্রেনের ওপরের পাঁচ ইঞ্চি স্ল্যাবগুলো উল্টে যায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম নূর ইসলাম (৫০)। বাকি দুজন নারী। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজারে ভিড় কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবু হঠাৎ শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে ছুটে বাইরে বের হয়ে আসেন।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি আর দুজন ক্রেতা দোকানে বসেছিলাম।

হঠাৎ বিকট শব্দে দেখি ড্রেনের স্ল্যাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশপাশের বিল্ডিং কেঁপে ওঠে। আমরা সবাই ভয় পেয়ে চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসি।
স্থানীয়রা বলছেন, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ না হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।

ঘটনার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন।

প্রতিবছর টেন্ডারের মাধ্যমে ড্রেন পরিষ্কার করা হয়। এ বছর যথাযথভাবে পরিষ্কার না করায় হয়তো এ বিস্ফোরণ ঘটেছে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তদন্ত শেষে কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে।