ধর্ম

হৃদয়ের অন্ধত্ব যুক্তির অন্ধত্বের চেয়েও ভয়াবহ

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আনআম, আয়াত : ৭

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

وَ لَوۡ نَزَّلۡنَا عَلَیۡكَ كِتٰبًا فِیۡ قِرۡطَاسٍ فَلَمَسُوۡهُ بِاَیۡدِیۡهِمۡ لَقَالَ الَّذِیۡنَ كَفَرُوۡۤا اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۷﴾

সরল অনুবাদ

৭. আমরা যদি আপনার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম, অতঃপর তারা যদি সেটা হাত দিয়ে স্পর্শও করত তবুও কাফেররা বলত, এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

এ আয়াতে অবিশ্বাসীদের অবাধ্যতা, অস্বীকার ও হঠকারিতার কথা তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে যে, আল্লাহর পক্ষ হতে সুস্পষ্ট লিখিত বিষয় এসে যাওয়া সত্ত্বেও তারা তা মানতে প্রস্তুত হবে না এবং সেটাকে একটি যাদুর কিতাব গণ্য করবে। যেমন, কোরআনের অন্যত্র বলা হয়েছে-

{وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنَ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ، لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ}

‘যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজাও খুলে দিই আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে, তবুও ওরা এ কথাই বলবে যে, আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে, না বরং আমরা যাদুগ্রস্ত হয়ে পড়েছি।

’ (সুরা হিজর, আয়াত : ১৪-১৫)
আরেক আয়াতে বলা হয়েছে-

{وَإِنْ يَرَوْا كِسْفًا مِنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَرْكُومٌ}

‘তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে, তবে বলে, এটা তো পুঞ্জীভূত মেঘ।’ (সুরা ত্বূর, আয়াত ৪৪)

অর্থাৎ, তারা আল্লাহর আজাবের এমন কোনো একটা অপব্যাখ্যা করে নেবে, যাতে আল্লাহর ইচ্ছার কথা তাদেরকে স্বীকার করতে না হয়! অথচ সারা বিশ্বজাহানে যা কিছু হয়, সবই তাঁর ইচ্ছাতেই হয়।

এই আয়াত থেকে আমাদের শিক্ষা

অবিশ্বাসীদের স্বভাব হলো অবাধ্যতা ও অস্বীকার করা। তারা যত বড় নিদর্শনই পাক না কেন, সেটাকে তারা অপব্যাখ্যা করে ‘যাদু’, ‘ভ্রম’ বা ‘প্রাকৃতিক ঘটনা’ বলে এড়িয়ে যায়।

কেননা হৃদয়ের অন্ধত্ব যুক্তির অন্ধত্বের চেয়েও ভয়াবহ– যাদের অন্তরে অহংকার ও ঈমানের আলো নেই, তারা প্রমাণ পেলেও মানতে চায় না।
আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণই প্রকৃত বুদ্ধিমত্তা – আসমান-জমিনের প্রতিটি ঘটনা আল্লাহরই নির্দেশে ঘটে; তা অস্বীকার করলে মানুষ নিজেকেই বিভ্রান্ত করে।

ঈমান শুধু প্রমাণের ওপর দাঁড়ায় না, বরং অন্তরের সততার ওপর দাঁড়ায় – আল্লাহর কিতাব হাতে পাওয়ার পরও যারা অবিশ্বাস করে, তারা প্রকৃতপক্ষে হঠকারী ও বিদ্বেষী।