নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সাহেববাজার মনিচত্বর এলাকায় নিজ পৈতৃক দোকান গৌরী ট্রেডার্স সন্ত্রাসীদের দখল থেকে ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দম্পতি শ্রীমন্ত সাহা বাবলা ও তার স্ত্রী গৌরী সাহা।
আজ বুধবার রাজশাহীতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শ্রীমন্ত সাহা অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসী নিজামুদ্দিন আপেল, বিদ্যুত, জনি, রমজান, সানুসহ কয়েকজন গত ১৩ আগস্ট তার ব্যবসায়িক দোকানটি জোরপূর্বক দখল করে নেয়। এসময় তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “দোকানটি আমার পৈতৃক সম্পত্তি। আদালতের রায় আমার পক্ষে থাকলেও সন্ত্রাসীরা বলপ্রয়োগে দোকান দখল করে রেখেছে। আমাকে ও আমার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।”
লিখিত বক্তব্যে শ্রীমন্ত সাহা জানান, ১৯৮৮ সালে দোকানটি মাসিক ভাড়ায় ভাড়া দেওয়া হয়। কিন্তু ভাড়াটিয়ার মৃত্যুর পর তার ছেলে আপেল বেআইনিভাবে দোকানটি অন্যদের কাছে ভাড়া দেন। এ নিয়ে মামলা হলে গত বছর আদালত শ্রীমন্ত সাহার পক্ষে রায় দেন এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে আদালতের মাধ্যমে দোকান বুঝিয়ে দেওয়া হয়। এরপর তিনি কাঁচামালের ব্যবসা শুরু করেন।
কিন্তু রায়ের বিরুদ্ধে আপেল হাইকোর্টে আপিল করলেও মামলা চলমান থাকা অবস্থায় তার নেতৃত্বে সন্ত্রাসীরা দোকানটি পুনরায় দখল করে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তিনি আরও জানান, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করলেও ৭ দিনেও কোনো আইনি সহায়তা পাননি। বরং এখনো তার দোকানে সন্ত্রাসীদের তালা লাগানো রয়েছে।
ভুক্তভোগী দম্পতির দাবি, অবিলম্বে সন্ত্রাসীদের হাত থেকে দোকান দখলমুক্ত করে দিতে হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।









