সিল্কসিটিনিউজ ডেস্ক :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। গতকাল প্রকাশিত ফলাফলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জন নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের সুপারিশপত্র ডাউনলোড করে বর্ণিত প্রতিষ্ঠানে ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে এবং পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে যোগদান করতে হবে।

সুপারিশপ্রাপ্তদের করণীয় :
(১) সুপারিশপত্র এনটিআরসি’এর প্রদও ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে ;
(২) আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশকৃত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ বরাবর নিয়োগের জন্য আবেদন করতে হবে।
(৩) নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে;
(৪) সুপারিশকৃত স্কুল, মাদরাসা ও কলেজে প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদনের পর শেষ তারিখ থেকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে যোগদান করতে হবে।
প্রতিষ্ঠান প্রধানদের প্রতি মন্ত্রণালয়ের নির্দেশনা :
(১) আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবে;
(২) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২৫ জানুয়ারি ২০২৪ তারিখের জারিকৃত পরিপত্রের ৬ নম্বর অনুচ্ছেদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৩টি শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ অনুমোদিত স্ব-স্ব জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকুলে নির্ধারিত তারিখের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। অন্যথায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান এবং ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির বিরুদ্ধে উপরোল্লিখিত বিধি বিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে;
(৩) শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন;
(৪) সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানের পূর্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং এনটিআরসিএ কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তিনজন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে;
(৫) প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক শূন্যপদের চাহিদা প্রদানে ভুল তথ্যের কারণে অথবা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি যাচাই না করে যোগদানপত্র গ্রহণের কারণে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো মামলার কারণে আইনগত জটিলতা সৃষ্টি হলে সে বিষয়ে সব দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে এবং এ ক্ষেত্রে কোনোভাবেই এনটিআরসিএকে দায়ী করা যাবে না;
(৬) প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানগণ তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে “Yes” ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ “No” ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন।
উল্লেখ্য, গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
গতকাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৪১ হাজার ৬২৭ জন।










