সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাজারে এমন অনেক সবজি রয়েছে, যেগুলো আমরা চিনি না। অনেকে চিনলেও খেতে চান না। তেমনই অবহেলায় পড়ে থাকা একটি উপকারী সবজি হলো চিচিঙ্গা। বহু মানুষ চিচিঙ্গা, ধুন্দুল ও ঝিঙার পার্থক্যও করতে পারেন না।
তবে বিশেষজ্ঞদের মত, চিচিঙ্গা ডায়াবেটিস ও জন্ডিসের রোগীদের জন্য দারুণ উপকারী।
বিশেষজ্ঞ পুষ্টিবিদদের মতে, চিচিঙ্গায় রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজসহ একাধিক জরুরি খনিজ ও ভিটামিন। তাই নিয়মিত এই সবজি খেলে যে বহু রোগ দূরে থাকবে, তা তো বলাই বাহুল্য। কী কী উপকার পাবেন চিচিঙ্গা খেলে, চলুন জেনে নেওয়া যাক—

চিচিঙ্গা হলো একটি লো ক্যালরি সবজি।
এই সবজি পেট ভরে খেলেও ওজন বাড়ার আশঙ্কা থাকে না বললেই চলে। এ ছাড়া চিচিঙ্গাতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার। আর এই উপাদান কিন্তু ওজন নিয়ন্ত্রণের কাজে সিদ্ধহস্ত। মূলত এই ফাইবার অন্ত্রে দীর্ঘক্ষণ উপস্থিত থাকে।
ফলে সহজে খিদে পায় না। আর খিদে না পেলে স্বভাবতই কম খাওয়া হবে। আর এতেই ওজন কমবে হু হু করে।
এদিকে দেশজুড়ে ক্রমেই বাড়ছে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ ক্ষেত্রে ফাইবার, সবজি যত বেশি খেতে পারবেন ততই উপকার পাবেন।
চিচিঙ্গার তরকারি রোজ রাখুন মেন্যুতে। এতে ওজনও কমবে আর ডায়াবেটিসও থাকবে নিয়ন্ত্রণে।
চিচিঙ্গায় রয়েছে কিউকারবিটাসিন-বি, ক্যারোটিনয়েড ও অ্যাসকরবিক এসিড, যা অ্যান্টি-অক্সিডেন্ট কার্যকলাপ হিসেবে কাজ করতে পারে। ফলে অক্সিডেটিভ ক্ষতির পরিমাণ কমে। যে কারণে হার্ট ভালো থাকে। হার্টের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হয়।
বিশেষত পেটের যেকোনো রোগ। লিভারের সমস্যা ও পানিবাহিত রোগ হিসেবে জন্ডিস হয়। জন্ডিস হলে একেবারে হালকা খাবার, পানি, কম প্রোটিন খেতে বলা হয়। এক্ষেত্রে চিচিঙ্গা কিন্তু উপকারী। চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল বা পোস্ত বানিয়েও খেতে পারেন।
ত্বক ভালো রাখতেও ভূমিকা রয়েছে চিচিঙ্গার। নিয়ম করে এই সবজি খেতে পারলে বার্ধক্যের ছাপ কম পড়ে। সঙ্গে ত্বকও থাকে উজ্জ্বল। ত্বকের মৃত কোষ দূর করতে ভূমিকা রয়েছে এই সবজির। চুলের গোড়ায় চিচিঙ্গার রস লাগাতে পারলে চুল পড়া কমে।









