স্বাস্থ্য

প্রাপ্তবয়স্কদের প্যাসিফায়ার ব্যবহার, ট্রেন্ড না কি মানসিক চাপের লক্ষণ?

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি অদ্ভুত ট্রেন্ড ভাইরাল হয়েছে, অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এখন বাচ্চাদের মতো প্যাসিফায়ার (শিশুর মুখে দেওয়ার চুষনি) ব্যবহার করছেন। অনেকে বলছেন, এটি তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। কেউ কেউ এমনও বলেছেন যে এর সাহায্যে ধূমপান ছেড়ে দিতে পেরেছেন।

দুবাইয়ের একজন চাকরিজীবী নারী জানান, তার ‘এডিএইচডি’ ধরা পড়ার পর টিকটকে এই ট্রেন্ড দেখে তিনিও চেষ্টা করেন।

তার মতে, প্যাসিফায়ার ব্যবহারে তিনি শান্ত অনুভব করেন। তবে আশপাশের মানুষ এই অভ্যাসকে নেতিবাচকভাবে দেখেন।
কী বলছেন বিশেষজ্ঞরা?
মনোবিজ্ঞানীরা বলছেন, প্রাপ্তবয়স্কদের এমন আচরণ মানসিক চাপ, উদ্বেগ বা অতীত কোনো আঘাত থেকে আসতে পারে। এটা এমন এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, যেখানে মানুষ ছোটবেলার নিরাপদ অবস্থায় ফিরে যেতে চায়।

শারীরিক ঝুঁকি কী?
দুবাইয়ের দন্ত চিকিৎসকরা বলছেন, বড়দের প্যাসিফায়ার ব্যবহার দাঁতের সমস্যা তৈরি করতে পারে। যেমন দাঁতের সারি বাঁকা হওয়া, চোয়ালে চাপ পড়া, দাঁতের এনামেল ক্ষয় এবং কথা বলার সমস্যাও দেখা দিতে পারে।

মনোবিদদের পরামর্শ
বিশেষজ্ঞরা বলছেন, যদি কেউ প্যাসিফায়ার ছাড়া অস্থির হয়ে পড়েন, লুকিয়ে ব্যবহার করেন, বা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলেন। তবে এটি সমস্যা হতে পারে।

এ ধরনের সমস্যা মোকাবিলার জন্য পেশাদার থেরাপি নেওয়া ভালো।
দাঁতের চিকিৎসকদের পরামর্শ
যদি কেউ লক্ষ্য করেন তার মুখের কামড়ের ধরণ বা কথা বলার ভঙ্গি বদলে গেছে, তাহলে দ্রুত দন্ত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। সময়মতো অভ্যাস বদলালে বড় ক্ষতি এড়ানো সম্ভব।