সিল্কসিটিনিউজ ডেস্ক :
নিশ্ছিদ্র রক্ষণাবেক্ষণ না হলে কাঠের আসবাবপত্রের আভিজাত্য বেশিদিন টিকে না। নিয়মিত ব্যবহারে ধুলা, দাগ, কিংবা ঔজ্জ্বল্যহীনতা আস্তে আস্তে তার সৌন্দর্য নষ্ট করে দেয়। আবার বারবার কাঠের মিস্ত্রি ডেকে পালিশ করানো যেমন সময়সাপেক্ষ, তেমনি খরচও কম নয়। তাই সহজ কিছু ঘরোয়া উপায়ে আপনি চাইলে নিজেই কাঠের আসবাবপত্রের জেল্লা ফেরাতে পারেন।
চলুন, জেনে নিই।
অলিভ অয়েল ও ভিনেগারের মিশ্রণ
উড পলিশের পরিবর্তে অলিভ অয়েল দারুণ বিকল্প। সমান পরিমাণ অলিভ অয়েল ও সাদা ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। একটি নরম কাপড়ে মিশ্রণটি নিয়ে আসবাবপত্রে ঘষে মুছুন।

এতে দাগ দূর হবে এবং আসবাবপত্রে ফিরে আসবে প্রাকৃতিক চকচকে ভাব।
চায়ের লিকার দিয়ে পরিষ্কার
চা-পাতা ফুটিয়ে সেই লিকার ঠাণ্ডা করে নিন। সুতির কাপড় ওই লিকারে ডুবিয়ে পানি ঝরিয়ে আসবাবপত্র মুছে দিন। পরে শুকনা কাপড় দিয়ে আবার মুছুন।
চায়ের প্রাকৃতিক ট্যানিন কাঠের আসবাবপত্র পরিষ্কার রাখতে এবং তার উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন
সাবান পানি দিয়ে পরিষ্কারের আগে কাঠের ওপর হালকা করে পেট্রোলিয়াম জেলি মেখে কিছুক্ষণ রেখে দিন। এরপর ঈষদুষ্ণ পানিতে ভেজানো কাপড় দিয়ে তা মুছে ফেলুন। পুরোনো আসবাবেও নতুনের মতো উজ্জ্বলতা ফিরে আসবে। নিয়মিত ব্যবহার করলে দাগও সহজে বসবে না।
এই ঘরোয়া উপায়গুলো সহজ, সাশ্রয়ী এবং কার্যকর। নিয়ম করে প্রয়োগ করলে আপনার কাঠের আসবাবপত্র দীর্ঘদিন নতুনের মতোই থাকবে।









