রাজশাহী

বাঘায় ভেজাল গুড় তৈরির দুই কারখানাকে জরিমানা

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতি‌বেদক :

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আড়ানী পৌরসভার দুই গ্রামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানার মালিকরা দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, ক্ষতিকর রাসায়নিক, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। এ ব্যাপারে অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহি ও সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযান চালান।

এ সময় আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের পাঞ্জা হোসেনকে ১০ হাজার এবং গোচর গ্রামের জনাব আলীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুড় কারখানার মালিকরা অপরিষ্কার ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। এ নিয়ে অভিযোগ পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। এ সময় ভেজাল গুড় তৈরির কাজে ব্যবহৃত চিনি, মোনালিসা, রাসায়নিক, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনসমক্ষে তা ধ্বংস করা হয়।