রাজশাহী

রাকসুর তফসিল পুনর্বিন্যাস

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতি‌বেদক :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। এতে মনোনয়ন বিতরণের সময় পেছান হলেও অপরিবর্তিত রয়েছে নির্বাচনের নির্ধারিত সময়।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত নতুন তফসিল বিবরণীতে বলা হয়, ভোটার তালিকায় আপত্তি ও নিষ্পত্তি করা যাবে ১৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত; চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ আগস্ট; মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ থেকে ২৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

নতুন প্রকাশিত তফসিলে বলা হয়, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এ ব্যাপারে রাকসুর নির্বাচন কমিশন অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘রাকসুর খসড়া ভোটার তালিকায় বেশকিছু জটিলতা দেখা দিয়েছে, যা সমাধান করতে একটু সময় প্রয়োজন। এ জন্য তফসিলের ভেতরের কিছু সময় পরিবর্তন করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত নির্বাচনের সময় অপরিবর্তিত থাকছে।

যথাসময়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’