যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে একটি হেলিকপ্টার একটি বার্জে (পণ্যবাহী নৌযান) আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর ইলিনয়ের অ্যালটন শহরের কাছে নদীর ওই অংশে জলপথে সবধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, এমডি ৩৬৯ মডেলের হেলিকপ্টারটি বিদ্যুৎ লাইন স্পর্শ করার পর দুর্ঘটনাটি ঘটে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে, হেলিকপ্টারটিতে দুইজন আরোহী ছিলেন এবং দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দেবে এনটিএসবি। সংস্থাটি জানিয়েছে, একজন তদন্তকারী শুক্রবার ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আমেরেন কর্পোরেশন জানায়, তাদের এক কনট্রাক্টর এবং সাব-কনট্রাক্টর ট্রান্সমিশন লাইনের টাওয়ারে আলো ও মার্কার বল মেরামত ও প্রতিস্থাপন করছিলেন। আমেরেন এক বিবৃতিতে বলেছে, ‘আজকের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
আমরা তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব।’
কোস্ট গার্ডের মুখপাত্র জনাথন লিন্ডবার্গ জানান, দুর্ঘটনার সময় বার্জটিতে কেউ ছিল না, তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর মাইল মার্কার ১৯৯ থেকে ২০১ পর্যন্ত নদীর অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন পথ।
এতে করে মিডওয়েস্ট অঞ্চলের খামার থেকে ইউএস গাল্ফ অঞ্চলে শস্য পরিবহনে দেরি হতে পারে, বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। অ্যালটন শহরটি মিসিসিপি ও ইলিনয় নদীর সংযোগস্থলের নিচের দিকে অবস্থিত, যা নদীপথে বাণিজ্যের জন্য একটি কৌশলগত স্থান।