সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

নেতানিয়াহুর গাজা শহর দখলে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েল

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
নেতানিয়াহুর গাজা শহর দখলে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, মন্ত্রিসভার ‘অধিকাংশ সদস্য মনে করেন বিকল্প পরিকল্পনাটি হামাসকে পরাজিত করা বা অপহৃতদের ফিরিয়ে আনার লক্ষ্য পূরণে সক্ষম নয়’, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরিকল্পিত অভিযান দেশের অভ্যন্তরে তীব্র বিরোধিতার মুখে পড়েছে—বিশেষ করে জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও। মধ্যপ্রাচ্য নিয়ে বিবিসির সংবাদদাতা বলছেন, এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক মহলে আরো একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল।

নেতানিয়াহুর সরকার ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে যুদ্ধ বন্ধ করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে।এদিকে বৃহস্পতিবার ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সমগ্র গাজার ওপর সামরিক নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল।

ইসরায়েল কি পুরো গাজা দখল করতে চায়— এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই। তবে আমরা গাজা নিজেদের কাছে রাখতে চাই না।

আমরা সেখানে একটি নিরাপত্তা বেষ্টনী চাই, কিন্তু শাসন করতে চাই না। আমরা এমন আরব শক্তির হাতে গাজাকে তুলে দিতে চাই, যারা সঠিকভাবে শাসন করতে পারবে, আমাদের জন্যও হুমকি হবে না।
নেতানিয়াহু আরো বলেন, আমরা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। গাজা উপত্যকা থেকে হামাসকে উৎখাত করে একটি বেসামরিক শাসনব্যবস্থায় হস্তান্তর করতে চাই।

এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা সমগ্র গাজা দখলে নেতানিয়াহুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম এক্সিওস। ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে নেতানিয়াহুর এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তারা সতর্ক করে বলছে, এই পরিকল্পনার অর্থ হলো নেতানিয়াহু ‘তার ব্যক্তিগত স্বার্থ’ পূরণের জন্য গাজায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের ‘বলিদান’ দিতে ইচ্ছুক। এক বিবৃতিতে হামাস বলেছে, নেতানিয়াহু তার ‘গণহত্যা এবং বাস্তুচ্যুত’ করার পদ্ধতি অব্যাহত রেখেছেন।

সমগ্র গাজা দখলের এই পরিকল্পনা ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ও ইসরায়েলি জিম্মিদের জন্য বিপর্যয়কর পরিণতি তৈরি করবে বলে সকর্তবার্তা দিয়েছে জাতিসংঘ। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সমগ্র গাজা দখলের পরিকল্পনা ‘একটি বিশাল ভুল’।

গাজা উপত্যকার এক তৃতীয়াংশ এখন নিয়ন্ত্রণ করে ইসরায়েলি বাহিনী। চলমান যুদ্ধে নিজের ভূমি থেকে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। নতুন করে পুরো গাজা দখল করলে আরো লাখো মানুষ বাস্তুচ্যুত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স, বিবিসি