সিল্কসিটিনিউজ ডেস্ক :
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি উপলক্ষে হিরোশিমায় নানা আনুষ্ঠানিকতা ও প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বকে বিদ্যমান বোমার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে জাপান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই এবং বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তারা বুধবারের আয়োজনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে হিরোশিমার মেয়র মাতসুই বলেন, ‘বিশ্বজুড়ে সামরিক শক্তি বৃদ্ধির যে প্রবণতা দেখা যাচ্ছে এবং জাতীয় নিরাপত্তার নামে পারমাণবিক অস্ত্র অপরিহার্য—এই ধারণা আমাদের ইতিহাস থেকে পাওয়া শিক্ষাকে নির্লজ্জভাবে অগ্রাহ্য করছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় এবং ৯ আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র।
এতে তাৎক্ষণিকভাবে এবং পরে বিকিরণ ও দগ্ধ হয়ে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারান। আজও সেই অস্ত্রের ভয়াবহতা বয়ে বেড়াচ্ছেন বেঁচে থাকা মানুষজন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হিরোশিমা বোমা হামলার প্রত্যক্ষদর্শী শিনগো নাইতো বলেন, ‘আমার বাবা বিস্ফোরণে অন্ধ হয়ে যান। তার শরীর থেকে চামড়া ঝুলছিল, তিনি আমার হাত ধরতেও পারছিলেন না।
’
সেই হামলায় তখনকার ছয় বছরের শিশু নাইটোর বাবা ও দুই ছোট ভাই নিহত হন।
এখন নাইটো তার সেই ভয়াবহ অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তার স্মৃতিকে চিত্রকর্মে রূপ দিচ্ছেন হিরোশিমার কিছু শিক্ষার্থী।
এছাড়া, ২০২৪ সালে জাপানের পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন ‘নিহন হিদানকিও’ পারমাণবিক অস্ত্র নির্মূলের দাবিতে কাজ করে নোবেল শান্তি পুরস্কার পায়।
বুধবারের আয়োজনে মেয়র মাতসুই আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গৃহীত ‘নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটি’ এখন কার্যকারিতা হারানোর মুখে।’
তিনি জাপান সরকারকে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধে গৃহীত আন্তর্জাতিক চুক্তি—২০২১ সালে কার্যকর হওয়া ‘ট্রিটি অন দ্য প্রোহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপনস’ অনুসমর্থনের আহ্বান জানান।
চুক্তিটি ইতোমধ্যে ৭০টির বেশি দেশ অনুমোদন করেছে। তবে পারমাণবিক অস্ত্র নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য অপরিহার্য বলে মনে করা যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর বিরোধিতা করেছে।
এমনকি জাপানও চুক্তিটি অনুমোদন করেনি।
যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার আওতায় থাকা জাপান মনে করে, এসব অস্ত্র তাদের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে।
তবে জাপানে এ নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে যাওয়ার পথে অনেকেই প্ল্যাকার্ড হাতে নিয়ে পারমাণবিক অস্ত্র বিলুপ্তির দাবিতে ক্ষুদ্র প্রতিবাদে অংশ নেন।
পারমাণবিক বিকিরণ থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হওয়া সাতোশি তানাকা বলেন, ‘গাজা কিংবা ইউক্রেনে যেসব ধ্বংসস্তূপ দেখি, যেসব শিশু ও নারী আতঙ্কে পালিয়ে যাচ্ছে—সবকিছুই আমার নিজের বেদনাময় স্মৃতি ফিরিয়ে আনে।’
তিনি আরো বলেন, ‘আমরা এমন অস্ত্রের পাশে বাস করছি, যা মানবতাকে বহুবার ধ্বংস করে দিতে পারে। এখন সবচেয়ে জরুরি হলো—পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের উপর চাপ সৃষ্টি করা। বিশ্ববাসীকে আরো জোরালোভাবে আওয়াজ তুলতে হবে এবং ব্যাপক পদক্ষেপ নিতে হবে।










