সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা : ৬০ জনেরও বেশি আটকা পড়ার আশঙ্কা

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২৫৩ মিনিট পড়া
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা : ৬০ জনেরও বেশি আটকা পড়ার আশঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হঠাৎ বৃষ্টির ফলে সৃষ্ট প্রবল বন্যায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যরা উত্তরকাশী জেলার ধারালি গ্রামে পৌঁছেছেন, যেটি এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন লোক ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হোটেল, গেস্ট হাউস এবং বাড়িঘরসহ কমপক্ষে ২৫টি স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

জেলা প্রশাসনের একটি মোটামুটি অনুমান অনুসারে, প্রায় ৬০-৭০ জন নিখোঁজ রয়েছেন অথবা এলাকায় আটকা পড়েছেন। 

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা দৃশ্যপট অত্যন্ত ভয়াবহ— পাহাড়ি ঢালে হঠাৎ নেমে আসা প্রচণ্ড জলরাশি এলাকার রাস্তা, বাড়ি ও দোকান গুঁড়িয়ে দিয়েছে। ধারালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে বহু হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ।

দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে (ভারতীয় সময়) হঠাৎ ভারি বৃষ্টির ফলে খীরগঙ্গা নদীতে প্রচুর জলস্রোত নেমে আসে এবং কাদাযুক্ত জল গ্রাম এলাকায় ছড়িয়ে পড়ে।

ফলে ধ্বংস হয় বহু স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা। পার্শ্ববর্তী গ্রাম থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, লোকজন আতঙ্কে চিৎকার করছে, বাঁশি বাজিয়ে ও ‘দৌড়াও, দৌড়াও’ বলে সতর্ক করছে, কিন্তু জলস্রোতের আচমকা গতি এতটাই বেশি ছিল যে, অনেকেই পালানোর সুযোগ পাননি। ধারণা করা হচ্ছে, অনেক মানুষ এখনো কাদামাটির নিচে চাপা পড়ে আছেন। 

প্রাচীন কাল্পকেদার মন্দিরটিও কাদার নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

খীরগঙ্গা নদীর সৃষ্ট স্লাজ ভগীরথী নদীর একটি অংশ বন্ধ করে দিয়েছে। ফলে একটি কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে এবং তাতে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। এর মধ্যে একটি সরকারি হেলিপ্যাডও রয়েছে। এই হ্রদের পানি দ্রুত না সরালে, নিচু এলাকাগুলোর জন্য তা ভয়াবহ বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জনগণকে জল থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ দেওয়া বার্তায় এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি সব ক্ষতিগ্রস্তের সুস্থতা কামনা করি… ত্রাণ ও উদ্ধারকারী দলগুলো সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। কোনো চেষ্টার ত্রুটি রাখা হচ্ছে না।’ 

উত্তরকাশীর জ্যেষ্ঠ কর্মকর্তা প্রশান্ত আর্য জানিয়েছেন, এলাকায় দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে খবর পৌঁছানো ও উদ্ধার কার্যক্রমে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, ‘এখানে বহু হোটেল ও রেস্তোরাঁ থাকায় আমরা একাধিক উদ্ধারকারী দল পাঠিয়েছি।’ ধারালি হরসিল থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে একটি বিশাল ভারতীয় সেনা ঘাঁটি রয়েছে। আধাসামরিক ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের একটি ক্যাম্পও রয়েছে কাছাকাছি।

দুই বাহিনীর সদস্যরা ইতিমধ্যে দুর্গত এলাকায় পৌঁছেছেন এবং পরিস্থিতি মূল্যায়ন করছেন। তবে টানা ভারি বর্ষণের কারণে উদ্ধারকাজ ধীরগতিতে চলছে। প্রতিবেদন অনুযায়ী, কিছু আহত ব্যক্তিকে হরসিল সেনা ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র : বিবিসি, দ্য হিন্দু