সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলে একটি বাস ও একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। সোমবার এ তথ্য জানিয়েছে লেনিনগ্রাদ অঞ্চলের রেলওয়ে প্রশাসন।
টেলিগ্রামে এক বিবৃতিতে রেলওয়ে প্রশাসন জানিয়েছে, `বাসচালক চলন্ত একটি মালবাহী ট্রেনের সামনে দিয়ে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। ট্রেনচালক জরুরি ব্রেক প্রয়োগ করলেও দূরত্ব খুব কম হওয়ায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি নিয়মিত সার্ভিস বাস ছিল। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া স্থানীয় প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে জানায়, এটি একটি পর্যটকবাহী বাস ছিল।
প্রথমে প্রতিবেদনে বলা হয়েছিল, এই দুর্ঘটনায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তবে পরে রেলওয়ে প্রশাসনের সংশোধিত তথ্য অনুযায়ী, একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।










