নাটোর

তারেক রহমান দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন -টিপু

নিউজ ডেস্ক২ আগস্ট ২০২৫৩ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, তারেক রহমানের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি দেশের গণতন্ত্রের জন্য লড়াই করছেন।

তিনি দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। আজকে অনেক সংগঠন তাকে নিয়ে ষড়যন্ত্র করছে। অনেকে বড় বড় কথা বলছেন।

৫ আগস্টের পর নতুন নতুন যেসব সংগঠন গড়ে উঠেছে, সেসব সংগঠনের নেতারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে বিভিন্ন তদবির শুরু করেছে। তারেক রহমান কোথাও কোন তদবির করে নাই।

সেজন্য আপনাদের বলব- আগামী দিনের নেতৃত্ব তারেক রহমানের কাছে নিরাপদ। তারেক রহমান চোরাপথে ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।

বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগস্ট- ২০২৪ স্মরণে শনিবার (২ আগস্ট) বিকালে নাটোরের লালপুরে গোপালপুর রিক্সা স্ট্যান্ডে গোপালপুর পর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে আয়োজিত এক বিজয় মিছিলে এসব কথা বলেন তিনি।

এ সময় টিপু আরও বলেন, শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা গত ১৭ বছর রাজনীতি করেছি। শেখ হাসিনার সাথে লড়াই করার মন-মানসিকতা বিএনপি নেতা কর্মীদের আছে। বিএনপি’র নেতাকর্মীরা কোন রক্তচক্ষুকে ভয় পায় না। এনসিপি’র ছোট ভাইদের বলতে চাই – ফ্যাসিস্ট যদি আবার বাংলাদেশে ফিরে আসে, তারেক রহমানের দেশে রাজনীতি করবে। আমরাও লড়াই সংগ্রাম করে এদেশে রাজনীতি করবো। আপনারা কিন্তু এ দেশে রাজনীতি করতে পারবেন না। আপনারা যারা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন, তারা ভেবে দেখবেন আপনারা সঠিক কথা বলছেন না। তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন।

এ সময় তিনি আরো বলেন, আজকের সরকার ক্ষমতায় আসা এক বছর হয়ে গেছে। যারা আহত হয়েছে তাদের এখনো চিকিৎসা দিতে পারেন নাই। যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আপনারা এখনো মূল্যায়ন করতে পারেন নাই। আমাদের নেতা তারেক রহমান কিন্তু সব মানুষের খবর নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আজকের সমাবেশ থেকে দাবি করছি।

৫ আগস্টের আগে যাদের কোন আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা যায়নি, আজ তাদের অনেকেই বড় বড় কথা বলছেন। দলীয় নাম ব্যবহার করে দলের ক্ষতি করার চেষ্টা করছেন, চাঁদাবাজি করছেন, দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলতে চেষ্টা করছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিগত ১৭ বছর মানুষের জন্য কাজ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি। ঢাকার রাজপথে পার্টি অফিসে পড়ে থেকেছি। কোন অন্যায় করিনি। কখনো করবো না। কাউকে করতে দেওয়া হবে না। বিএনপি’র রাজনীতি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া  উপজেলা বিএনপি`র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শামীম সরকার, যুগ্ন আহবায়ক এ কে এম শরিফুল ইসলাম লেলিন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ,  লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।