সিল্কসিটিনিউজ ডেস্ক :
সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতি অনুযায়ী, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, ‘আমি ধারণা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই আমরা জানতে পারব আমাদের জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছনো সম্ভব কি না।’

তিনি আরো বলেন, ‘যদি তা না হয়, তাহলে লড়াই চলবে বিরতিহীনভাবে।’
গাজার ভেতরে শুক্রবার কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার সময় ইসরায়েল থেকে মোট ২৫১ জনকে অপহরণ করা হয়েছিল। তাদের মধ্যে এখনো ৪৯ জন গাজায় রয়েছে, যাদের ২৭ জন ইতিমধ্যে মারা গেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে চলতি সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো দুটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জিম্মিদের অত্যন্ত ক্ষীণ ও দুর্বল অবস্থায় দেখা যায়।
অন্যদিকে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, গাজার জনগণ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে, যা ইসরায়েলের ত্রাণ সরবরাহে আরোপিত বিধি-নিষেধের ফলে সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, ‘গাজা উপত্যকার বাসিন্দাদের মৃত্যুর জন্য ও তাদের দুর্ভোগের জন্য দায়ী হচ্ছে হামাস।’
সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হামাসের হামলায় এক হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক ছিল।
অন্যদিকে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ হাজার ৩৩২ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এ তথ্য জাতিসংঘও নির্ভরযোগ্য বলে গণ্য করে।










