সিল্কসিটিনিউজ ডেস্ক :
আগামী ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার আওতায় শুরুতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স (সাবেক টুইটার) এবং স্ন্যাপচ্যাট ছিল।

নতুন আইনের আওতায় অস্ট্রেলীয় কিশোর-কিশোরীরা ইউটিউবে ভিডিও দেখতে পারবে, তবে নিজেদের কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। এর ফলে তারা ইউটিউবে ভিডিও আপলোড, মন্তব্য, লাইক বা সাবস্ক্রিপশনের মতো কাজ করতে পারবে না।
গুগলের মালিকানাধীন ইউটিউব শুরুতে এই নিষেধাজ্ঞার বাইরে থাকার দাবি জানিয়েছিল।
তবে দেশটির ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানান, ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ‘সবচেয়ে বেশি ক্ষতিকর কনটেন্টের উৎস ইউটিউব’, তাই এটি নিষেধাজ্ঞার আওতায় আনা জরুরি।
প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বুধবার গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের শিশুদের ক্ষতি করছে। অস্ট্রেলীয় অভিভাবকদের আমি বলতে চাই— আমরা আপনাদের পাশে আছি।
অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বিশ্বের অন্য দেশগুলো। নরওয়ে ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার দিকে এগোচ্ছে, আর যুক্তরাজ্যও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব নিষিদ্ধ করা হলে গুগল সরকারকে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিল। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করতে পারে।
নতুন আইন অনুযায়ী, এই নিয়ম না মানলে প্রযুক্তি কম্পানিগুলোকে ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।










