সিল্কসিটিনিউজ ডেস্ক :
১ জুলাই জ্বালানির দাম বৃদ্ধির পর এটি সর্বশেষ প্রতিবাদ, যেখানে ধর্মঘটের প্রথম দিনেই লুয়ান্ডায় ব্যাপক লুটপাট চালানো হয় এবং বিক্ষোভকারীরা সরকারি বাস ও ব্যক্তিগত যানবাহনে হামলা চালায়। পুলিশের উপকমিশনার মাতেউস রদ্রিগেস মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ফলাফলের দিক থেকে আমরা বর্তমানে চারজনের মৃত্যুর খবর দিচ্ছি।

এ ছাড়া পুলিশ সোমবার ১০০ জনকে আটক করার পর সোমবার রাতভর ৪০০ জনকে সহিংসতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে বলেও জানান রদ্রিগেস। তিনি আরো বলেন, প্রায় ৪৫টি দোকান ভাঙচুর করা হয়েছে এবং ২৫টি ব্যক্তিগত যানবাহন ও ২০টি সরকারি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
এএফপির সোমবারের ছবিতে দেখা গেছে, মানুষ দোকান থেকে লুট করা জিনিসপত্র নিয়ে পালাচ্ছে।
আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশটি ১ জুলাই প্রচণ্ড ভর্তুকিপ্রাপ্ত পেট্রলের দাম ৩০০ কুয়াঞ্জা থেকে বাড়িয়ে ৪০০ কুয়াঞ্জা (০.৩৩ থেকে ০.৪৩ মার্কিন ডলার) প্রতি লিটার করেছে। প্রায় দুই হাজার মানুষ শনিবার এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় এবং আগের দুই সপ্তাহান্তেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিকে ধর্মঘট আহ্বানকারী আনাতা নামের ট্যাক্সি সমিতি সোমবারের সহিংসতা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তবে তারা জানিয়েছে, তিন দিনের এই ধর্মঘট চলতে থাকবে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘এটা স্পষ্ট হয়ে উঠেছে, ট্যাক্সি চালকদের কণ্ঠস্বর আসলে অ্যাঙ্গোলার জনগণের প্রতিবাদের প্রতিফলন।’
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতে সহিংসতা এড়াতে তারা পরিস্থিতি নজরে রাখছে। তিনি বলেন, ‘আমরা বারবার বলছি, আমাদের বাহিনী রাস্তায় রয়েছে, হুমকির মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জামসহ মোতায়েন রয়েছে।
অত্যন্ত ধনী তেলসম্পদের অধিকারী হয়েও অ্যাঙ্গোলা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। দেশটি ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে প্রেসিডেন্ট লোরেনসোর এমপিএলএ দলই ক্ষমতায় রয়েছে।










