সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কানাডায় বিমান দুর্ঘটনায় ভারতীয় নিহত

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া
কানাডায় বিমান দুর্ঘটনায় ভারতীয় নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কানাডার নিউফাউন্ডল্যান্ডে একটি বাণিজ্যিক জরিপ বিমান দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। টরন্টোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ২৬ জুলাই সন্ধ্যায় নিউফাউন্ডল্যান্ডের ডিয়ার লেক বিমানবন্দরের কাছে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় গৌতম সান্তোষ নামের ওই ভারতীয় নাগরিক নিহত হন।

নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় মিশন এবং সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছে। এক্সে এক পোস্টের মাধ্যমে কনস্যুলেট জানিয়েছে, ‘এ কঠিন সময়ে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কনস্যুলেট নিহতের পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে ও প্রয়োজনীয় সব রকম সহায়তা দিচ্ছে।’

কেরালার বাসিন্দা সান্তোষ ব্রিটিশ কলম্বিয়াভিত্তিক কম্পানি ‘কিসিক এরিয়াল সার্ভে ইনকের’ কর্মী ছিলেন।

প্রতিষ্ঠানটি বিধ্বস্ত ‘পাইপার পিএ-৩১ নাভাহো’ বিমানটি পরিচালনা করছিল।দুর্ঘটনার সময় বিমানে দুজন আরোহী ছিলেন ও ঘটনাস্থলেই উভয়কে মৃত ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছে রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

কিসিক এরিয়াল সার্ভে ইনকের মালিক অ্যান্ড্রু নেইস্মিথ এক বিবৃতিতে বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনার কারণে আমরা শোকাহত ও বিধ্বস্ত। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

দুর্ঘটনায় আক্রান্ত বিমানটি ছিল একটি পাইপার নাভাহো দুই ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যা একসঙ্গে আটজন পর্যন্ত যাত্রী পরিবহন করতে পারে।

তবে নেইস্মিথ প্রাথমিকভাবে নিহতদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ তথ্য জানানো হবে।

কানাডার পরিবহন সুরক্ষা বোর্ড (টিএসবি) এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে।

সূত্র : এনডিটিভি