ধর্ম

গৃহকর্মে সহযোগিতা মহানবী (সা.)-এর সুন্নত

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আসওয়াদ ইবনে ইয়াযিদ (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশাহ রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে কী কাজ করতেন? তিনি বললেন:

 كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ‏

‘তিনি ঘরের কাজ-কর্মে ব্যস্ত থাকতেন, যখন আজান শুনতেন, তখন বেরিয়ে পড়তেন।

-(বুখারি, হাদিস : ৫৩৬৩)

সংক্ষিপ্ত ব্যাখ্যা

এই হাদিসটিতে আয়িশা (রা.)-এর বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যক্তিগত জীবন ও ঘরে তাঁর ব্যবহারিক আচরণের এক চমৎকার দৃষ্টান্ত তুলে ধরে।

হাদিসটি আমাদের যে শিক্ষা ও বার্তা দেয়-

১. নম্রতা ও বিনয় :

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান নবী হয়েও স্ত্রী ও পরিবারের কাজে অংশগ্রহণ করতেন। এতে বোঝা যায়, পরিবারের সহায়তা করা কোনো নিচু কাজ নয়, বরং এটি মহৎ গুণ।

২. পরিবারে দায়িত্ববোধ :

পুরুষ সদস্যরাও ঘরোয়া দায়িত্বে অংশ নিতে পারেন, এটি সম্মানহানির কোনো বিষয় নয়। বরং এতে পরিবারে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে।

৩. ইবাদতের অগ্রাধিকার :

যতই তিনি গৃহকর্মে ব্যস্ত থাকতেন না কেন, আজান শোনার সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দিয়ে নামাজের জন্য বেরিয়ে যেতেন। এটা আমাদের শেখায় যে, ইবাদতের সময় হলে দুনিয়াবি কাজ থামিয়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে।

এই হাদিস আমাদের পরিবারে ভারসাম্যপূর্ণ জীবনযাপন, বিনয়, ও ইবাদতের প্রতি গুরুত্ব প্রদর্শনের অনুপম দৃষ্টান্ত শেখায়।