সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মিত্র নেদারল্যান্ডসে বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত ইসরায়েল

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫৩ মিনিট পড়া
মিত্র নেদারল্যান্ডসে বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত ইসরায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডাচ নাগরিকদের জীবন বিপন্ন করা বিভ্রান্তিকর প্রচারণার কথা উল্লেখ করে নেদারল্যান্ডস প্রথমবারের মতো ইসরায়েলকে জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করেছে।

জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস দমন সমন্বয়কারী (এনসিটিভি) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকারি কূটনৈতিক মাধ্যম ব্যবহার না করে সরাসরি ডাচ সাংবাদিক ও রাজনীতিবিদদের কাছে নথি বিতরণ করে দেশের জনমত ও রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে।

অভিযোগে উল্লেখিত বিভ্রান্তিকর প্রচারণাটি গত বছর নভেম্বরে আমস্টারডামে আয়াক্স ও ম্যাকাবি তেল আবিবের মধ্যে ফুটবল ম্যাচের পর সংঘটিত সংঘর্ষের পর করা হয়েছিল। ওই দিনের ভিডিওতে ইসরায়েলি সমর্থকদের ভাঙচুর, হুমকি, হামলা ও আরববিরোধী বর্ণবাদী স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়।

সেই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছিল।
ইসরায়েলি কর্তৃপক্ষ এ দাঙ্গাকে ইহুদিবিরোধী বলে প্রচার করে এবং সমর্থকদের সরিয়ে নেওয়ার জন্য নেদারল্যান্ডসে দুটি উদ্ধারকারী বিমান পাঠানোর নির্দেশ দেয়। এর এক সপ্তাহ পর আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা এ ঘটনাকে ‘সংঘবদ্ধ জাতিগত সহিংসতা’ হিসেবে বর্ণনা করে বলেন, ইসরায়েল ঘটনার বর্ণনা ও উপস্থাপনের ক্ষেত্রে ডাচ কর্তৃপক্ষকে ‘এড়িয়ে’ গেছে। অবশ্য পরে তিনি তার মন্তব্য প্রত্যাহার করে নেন।

এনসিটিভির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েল অনুমোদিত সংস্থাগুলোর প্রচারিত নথিতে ডাচ নাগরিকদের সম্পর্কে ‘অস্বাভাবিক ও অবাঞ্ছিত ব্যক্তিগত তথ্যও’ রয়েছে। দেশটির বিচার, নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, এই ব্যক্তিরা হুমকি, হয়রানি, এমনকি শারীরিকভাবে হামলার সম্মুখীন হতে পারেন।

এ ছাড়া হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এনসিটিভি, যা আদালতের কাজকে সম্ভাব্যভাবে ব্যাহত করতে পারে বলে প্রতিবেদনটিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গাজা উপত্যকাসহ ফিলিস্তিনি অঞ্চলে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি।

তার পর থেকে তদন্ত বাতিল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিচার আদালতের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোকে জায়গা দিয়ে ও বহিরাগত প্রভাব থেকে তাদের রক্ষার জন্য বিশেষ দায়িত্ব পালন করে।
এনসিটিভির এ প্রতিবেদন এমন এক সময় প্রকাশিত হলো, যখন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত নেদারল্যান্ডস সরকার গাজায় যুদ্ধ ও অবরুদ্ধ উপত্যকায় অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে দেশটির নিয়মিত সমালোচক হয়ে উঠছে। গাজার ওপর যুদ্ধের প্রেক্ষিতে আয়ারল্যান্ড ও স্পেনের পাশাপাশি নেদারল্যান্ডসও ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তারা ইসরায়েলকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির শর্তভঙ্গের জন্য দায়ী করছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে হেগের আপিল আদালত নেদারল্যান্ডস সরকারকে ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধের নির্দেশ দেন। এ অস্ত্র আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আদালত। যদিও আদালতের নির্দেশের পরও নেদারল্যান্ডস ইসরায়েলেরে কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ পাঠাচ্ছে বলে তথ্য রয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই