নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫’ উপলক্ষে রক্তদান ও বিনা মূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। পবা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।
ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, “জুলাই পুনর্জাগরণ শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি মানবিক চেতনার বহিঃপ্রকাশ। আমাদের লক্ষ্য— স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. আসাদুজ্জামান। তিনি বলেন, “এই ক্যাম্পে শুধু ওষুধ নয়, আমরা মানুষের মনে আস্থা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যারা অর্থাভাবে চিকিৎসা পান না, তাঁদের পাশে থাকাই ছিল আমাদের মূল লক্ষ্য।”
সকাল থেকেই ক্যাম্পে ছিল উপচে পড়া ভিড়। আশপাশের গ্রাম থেকে আসা মানুষজন ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে চিকিৎসা নেন। সাধারণ রোগ, শিশুস্বাস্থ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও নারীস্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। ছিল পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী।
চিকিৎসা নিতে আসা এক ভ্যানচালক সাইফুল ইসলাম বলেন, “প্রাইভেট ক্লিনিকে গেলে ৫০০-৭০০ টাকা লাগে। এখানে বিনা পয়সায় ডাক্তার দেখাতে পারলাম, ওষুধও পেলাম। গরিব মানুষের জন্য এটা অনেক বড় সহায়তা।”
ক্যাম্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল রক্তদান কর্মসূচি। এতে সেবা দিয়েছেন মেডিকেল অফিসার ডা. রাহাত আহমেদ, সিনিয়র স্টাফ নার্স কামনরুন্নাহার, রাজু আহমেদ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মমিনুল ইসলাম ও আফরিন আখতার, মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল মতিন এবং অফিস সহায়ক মোখলেছুর রহমান।
চিকিৎসা ও রক্তদানের এই আয়োজন শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং এটি প্রান্তিক মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবাকে আরও দৃশ্যমান করার এক সফল উদাহরণ হয়ে উঠেছে। অনেকেই আশা করছেন, পবা উপজেলার মতো অন্যান্য এলাকাতেও এমন মানবিক উদ্যোগ ছড়িয়ে পড়বে।









