সিল্কসিটিনিউজ ডেস্ক :
৭.৮ মাত্রার প্রথম ভূমিকম্পের সময় কেন্দ্রস্থল থেকে ৯৮ মাইলের মধ্যে থাকা ১ কোটিরও বেশি মানুষকে গুগলের সর্বোচ্চ স্তরের ‘টেক অ্যাকশন’ সতর্কতা পাঠানো উচিত ছিল, যা প্রায় ৩৫ সেকেন্ড সময় দিতে পারত নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য।

প্রথমে গুগল দাবি করেছিল, তাদের সতর্কতাব্যবস্থা ‘ভালোভাবে কাজ করেছে’। তবে পরে বিবিসিকে জানানো হয়, সিস্টেমটি ভূমিকম্পের মাত্রা ভুলভাবে অনুমান করেছিল।
এই সতর্কতাব্যবস্থা শুধু অ্যানড্রয়েড ফোনে কাজ করে। তুরস্কে ৭০ শতাংশের বেশি মোবাইল ফোন অ্যানড্রয়েডচালিত। ভূমিকম্পের সময় অ্যানড্রয়েড ফোনের সেন্সর কম্পন শনাক্ত করে এবং দ্রুত সতর্কবার্তা পাঠায়।
‘টেক অ্যাকশন’ সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ – এটি একটি উচ্চ শব্দে অ্যালার্ম চালু করে, ফোনের স্ক্রিন কাভার করে এবং ডিস্টার্ব মোডকে অগ্রাহ্য করে।
সিস্টেম ব্যর্থতার কারণ
গুগলের গবেষকরা সায়েন্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, ‘শনাক্তকরণ অ্যালগরিদমের সীমাবদ্ধতার কারণেই প্রথম ভূমিকম্পকে মাত্র ৪.৫-৪.৯ মাত্রা হিসেবে ভুলভাবে নির্ধারণ করেছিল সিস্টেমটি, যদিও আসল মাত্রা ছিল ৭.৮।
দ্বিতীয় ভূমিকম্পের সময়ও একই সমস্যা দেখা দেয় – যদিও এবার ৮ হাজার ১৫৮ জনকে ‘টেক অ্যাকশন’ সতর্কতা পাঠানো হয় এবং প্রায় ৪০ লাখকে পাঠানো হয় ‘বি অ্যাওয়ার’ বার্তা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এত বড় ঘটনার পরও সঠিক তথ্য প্রকাশে গুগলের এত দেরি করা হতাশাজনক। কলোরাডো স্কুল অব মাইনসের সহকারী অধ্যাপক এলিজাবেথ রেডি বলেন, ‘মানুষ মারা গেছে। এমন সময়ে আমরা চাই, এ ধরনের সতর্কব্যবস্থা সত্যিকার অর্থেই কাজ করুক। অথচ তা হয়নি।’
বিশেষজ্ঞ হ্যারল্ড টোবিন বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে গুগল কতটা কার্যকরভাবে কাজ করছে, সেই বিষয়ে তারা সম্পূর্ণ স্বচ্ছতা দেখাক। নইলে অনেক দেশ ভুলভাবে ধরে নেবে যে গুগল করছে, তাই তাদের কিছু করার দরকার নেই।’
গুগল বলেছে, ‘তাদের সিস্টেম মূলত একটি সহায়ক ব্যবস্থা এবং এটি জাতীয় সতর্কতাব্যবস্থার বিকল্প নয়।’ বিবিসি গুগলের কাছে জানতে চেয়েছে, ২০২৫ সালের মিয়ানমার ভূমিকম্পে অ্যানড্রয়েড আর্থকোয়েক এলার্টস সিস্টেম কেমন কাজ করেছে? এর উত্তর পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি










