ধর্ম

ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক জটিলতায় ওআইসি অপরিহার্য

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজে ডেস্ক:

জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা খালিদ খিয়ারি ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির প্রশংসা করে বলেছেন, বিশ্বশান্তির জন্য ওআইসি অপরিহার্য। কেননা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিতিশীলতার মধ্যে সহযোগিতা শক্তিশালী করা প্রয়োজন। গত বৃহস্পতিবার তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ কথা বলেন।

খালিদ খিয়ারি মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের সহকারী মহাসচিব।

তিনি আরো বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক জটিলতার এই সময়ে ওআইসির মতো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা অপরিহার্য। ওআইসি ৫৭টি রাষ্ট্র এবং জটিল রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মের অনুসারীদের প্রতিনিধিত্ব করে। বিশ্বের সংঘাত প্রভাবিত সময়ে এর মতামত বিশেষ গুরুত্ব বহন করে। জাতিসংঘের সঙ্গে ওআইসির অংশীদারির প্রশংসা করে খিয়ারি বলেন, ‘এ দুই সংস্থার সহযোগিতা দীর্ঘস্থায়ী শান্তি, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এবং আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উপাদান।
মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ-ওআইসির সক্রিয় সহযোগিতার বিষয় তুলে ধরেন খিয়ারি। তিনি বলেন, ‘ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী ও বিস্তৃত সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রে জাতিসংঘ ও ওআইসি দীর্ঘদিন ধরে অভিন্ন লক্ষ্য ভাগ করে নিয়েছে। গাজা পুনর্গঠন ও পুনরুদ্ধার পরিকল্পনায় ওআইসি ও আরব লীগের সমর্থনকে স্বাগত জানান তিনি।

খালিদ খিয়ারি বলেন, ‘বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটি এখন গুরুত্বের সঙ্গে মোকাবেলা করার দাবি রাখে।

এই পরিস্থিতিতে ইসলামোফোবিয়া ও সব ধরনের ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে ওআইসি যে নেতৃত্ব দিচ্ছে, তাকে আমরা অত্যন্ত মূল্যাবান মনে করি।’পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং সতর্ক করে বলেন, ‘আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন বৈশ্বিক বিশৃঙ্খলা গভীরতর হচ্ছে, যুদ্ধ চলছে অবাধে, দখল চলছে জবাবদিহিহীনভাবে, মানবিক সংকট বাড়ছে; এবং ঘৃণার মতবাদ দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে। সূত্র : আনাদুলু এজেন্সি