রাজশাহী

পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আজিম (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাকদুল এলাকার কাশেম মণ্ডলের ভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাদ পাট্টা আশুরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আহত আজিম মৌরাট পূর্ব বাকদুল গ্রামের আকুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. ফারুক ও নিহতের ভাই আবু তালহা জানান, আবু সাদ এক আত্মীয়কে দেখতে মোটরসাইকেল নিয়ে পাংশা হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আবু সাদকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন জরুরি বিভাগের চিকিৎসক। 

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।