কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, থাই বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান দেশটির ভূখণ্ডে বোমা হামলা চালিয়েছে।এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এফ-১৬ যুদ্ধবিমান দুটি বোমা ফেলেছে। যুদ্ধবিমানটি ‘ওয়াত কেও সেখা কিরি স্বারাক প্যাগোডা’র দিকে যাওয়া সড়কে আঘাত হানে, যা পুরোপুরি কম্বোডিয়ার ভূখণ্ডে অবস্থিত।’
কম্বোডিয়া অভিযোগ করেছে, ‘থাইল্যান্ড নৃশংস, বর্বর এবং সহিংস সামরিক আগ্রাসন চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।
থাইল্যান্ড জানিয়েছে, তারা ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে এবং দুটি কম্বোডিয়ান আঞ্চলিক সামরিক সদর দপ্তরে আঘাত হেনেছে বলে দাবি করেছে। থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র কর্নেল রিচা সুকসুয়ানন বলেন, ‘আমাদের বিমান হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র সামরিক স্থাপনা।’ তবে কম্বোডিয়ার পক্ষ থেকে এসব দাবির সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
এদিকে কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থিত থাই দূতাবাস দেশটির নাগরিকদের দ্রুত কম্বোডিয়া ত্যাগের আহবান জানিয়েছে।
সীমান্ত সংঘর্ষ ক্রমেই তীব্র হয়ে ওঠায় এই আহবান জানানো হয়েছে। দূতাবাস সতর্কবার্তায় বলেছে, ‘এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী হতে পারে এবং আরো বিস্তৃত আকার ধারণ করতে পারে।’দূতাবাস তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছে, ‘যেসব থাই নাগরিকের কম্বোডিয়ায় থাকার জরুরি প্রয়োজন নেই, তাদেরকে যত দ্রুত সম্ভব নিরাপদে দেশটি ত্যাগ করতে অনুরোধ করা হচ্ছে।’ পাশাপাশি, কম্বোডিয়ায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকেও বিরত থাকতে পরামর্শ দিয়েছে থাই কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকালে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডিয়ার সেনারা প্রাচীন ‘তা মুয়েন থম’ মন্দিরের নিকটবর্তী থাই সেনাঘাঁটিতে গুলি চালিয়েছে। থাইল্যান্ডের দাবি, কম্বোডিয়া প্রথমে একটি ড্রোন পাঠায় এরপর সেনা মোতায়েন করে।
এ ছাড়াও কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের সুরিন প্রদেশের কাপ চেয়ং জেলায় বেসামরিক এলাকায় গোলাবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ করেছে থাই সেনাবাহিনী।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা বলেন, ‘থাই সেনাবাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে কম্বোডিয়ান বাহিনী আত্মরক্ষার্থে জবাব দিয়েছে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এক ফেসবুক পোস্টে বলেন, ‘থাই বাহিনী কম্বোডিয়ার ওদ্দার মেঞ্চি ও প্রোহ ভিহেয়ার প্রদেশে সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।’ তিনি বলেন, ‘কোনো সমস্যা সমাধানে আমরা সবসময় শান্তিপূর্ণ পথ অনুসরণ করেছি, তবে এই পরিস্থিতিতে সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরও সশস্ত্র প্রতিক্রিয়া জানাতে হয়েছে।’
তিনি দেশবাসীকে শান্ত থাকার আহবান জানান। সংঘর্ষে কমপক্ষে দুইজন থাই সেনা আহত হয়েছেন বলে থাই সামরিক সূত্র জানিয়েছে। এছাড়া সুরিন প্রদেশের দুটি হাসপাতালে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত দুই থাই নাগরিক নিহত হওয়ার খবর জানা গেছে।
গত বুধবার এক থাই সেনা ল্যান্ডমাইনে পা হারানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এরপরই থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূতকে কম্বোডিয়া থেকে প্রত্যাহার করে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বর্তমান সংঘর্ষ দুই দেশের মধ্যে আরও বড় আকারের সশস্ত্র সংঘাতে পরিণত হতে পারে, যা গোটা অঞ্চলজুড়ে অস্থিরতা সৃষ্টি করবে।