সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মুক্তিযুদ্ধে যেভাবে অবদান রেখেছিল ভারতের ‘ফ্লাইং কফিন’ খ্যাত মিগ-২১

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০২৫২ মিনিট পড়া
মুক্তিযুদ্ধে যেভাবে অবদান রেখেছিল ভারতের ‘ফ্লাইং কফিন’ খ্যাত মিগ-২১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় শেষ হতে চলেছে। ১৯৬৩ সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হওয়া প্রথম সুপারসনিক যুদ্ধবিমান মিগ-২১ চলতি বছরের সেপ্টেম্বরেই অবসরে পাঠাচ্ছে দেশটি। ভারতের মিগ-২১ এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সামরিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই যুদ্ধবিমান।

১৯৬৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৈরি এক ইঞ্জিনবিশিষ্ট এই জেট বিমান ভারতের হাতে আসে। এরপর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর মাধ্যমে দেশীয়ভাবে এটির উৎপাদন ও আধুনিকায়ন চলতে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বিমানটি হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তির অভাবে একপর্যায়ে একে ‘ফ্লাইং কফিন’ নামে ডাকা শুরু হয়।

ভারতীয় বিমান বাহিনীতে এক সময় ধাপে ধাপে যুক্ত হয় ৮৭২টি মিগ-২১। কিন্তু ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে ৪০০টিরও বেশি, প্রাণ হারিয়েছেন ২০০-র বেশি পাইলট ও ৫০ জন বেসামরিক নাগরিক।

বর্তমানে রাজস্থানের নাল ঘাঁটিতে শুধু দুটি মিগ-২১ বাইসন স্কোয়াড্রন সচল রয়েছে, যার মধ্যে মোট বিমান সংখ্যা ৩৬টি। সেগুলোই অবশেষে অবসরে পাঠানো হচ্ছে সেপ্টেম্বরে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এর ভূমিকা ছিল স্মরণীয়। বিবিসি বাংলা জানিয়েছে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকার গভর্নর হাউস লক্ষ্য করে ভারতীয় বিমানবাহিনীর চারটি মিগ-২১ বিমান একযোগে ১২৮টি রকেট নিক্ষেপ করে। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ার ভাইস মার্শাল ভূপেন্দ্র কুমার বিষ্ণোই। তার ভাষায়, এই আক্রমণের পরই পূর্ব পাকিস্তানে বেসামরিক সরকারের ‘শিরদাঁড়া ভেঙে’ পড়ে।

এরপর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সূচনা হয়।

অনেক সমর বিশ্লেষকের মতে, মিগ-২১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে কৌশলগত ভারসাম্য বদলে দেয়।বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনী মিগ-২১ এর চীনা সংস্করণ এফ-৭ বিজিআই ব্যবহার করছে। এর একটি বিমান সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়, যা আবার আলোচনায় আনে সুপ্রাচীন এই যুদ্ধযানকে।

মুক্তিযুদ্ধে মিগ-২১ এর অবদানের স্মারক হিসেবে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় উপহার দেন মিগ-২১ এর একটি প্রতিমূর্তি।