সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

শিক্ষার্থীদের রক্তদানে চাপ, ক্ষমা চাইলেন কোচ

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৫২ মিনিট পড়া
শিক্ষার্থীদের রক্তদানে চাপ, ক্ষমা চাইলেন কোচ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তাইওয়ানের একটি বিশ্ববিদ্যালয়ের একজন ক্রীড়া কোচ একটি গবেষণা প্রকল্পের জন্য শিক্ষার্থীদের রক্তদানে জোর করার অভিযোগে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, দলকে সাহায্য করার উদ্দেশ্যে এটি করেছেন জানিয়ে চৌ তাই-ইং ৬১ বছর বয়সী ওই কোচ বলেন, ‘আমার দলে মাত্র কয়েকজন খেলোয়াড় ছিল ও তারা প্রায়ই আহত হতো।’ তবে রক্ত কেন নেওয়া হচ্ছিল, তার বিস্তারিত জানা যায়নি।

চেন পেই-ইউ নামের তাইওয়ানের একজন রাজনীতিবিদ ২০২৪ সালে ঘটনাটি প্রকাশ্যে এনে অভিযোগ করেন, শিক্ষার্থীদের বলা হয়েছিল, তারা অংশ না নিলে তাদের একাডেমিক কৃতিত্ব হারাতে হবে।

পরে ন্যাশনাল তাইওয়ান নরমাল ইউনিভার্সিটির (এনটিএনইউ) একটি অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, বিভিন্ন গবেষণা প্রকল্পের জন্য ২০১৯ সাল থেকে রক্তের নমুনা সংগ্রহ শুরু হয়েছিল ও ২০২৪ সাল পর্যন্ত তা অব্যাহত ছিল।

তাইওয়ানের ফোকাস নিউজ এজেন্সি জানিয়েছে, অনুত্তীর্ণ শিক্ষার্থীদের রক্ত দিতে বলার কথা স্বীকার করে চৌ বলেছেন, ‘আমার যেসব দায়িত্বজ্ঞানহীন কথা ও আচরণের ফলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের চাপ পড়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এক বিবৃতিতে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,  ‘আপনাদের যেভাবে কষ্ট দিয়েছি, তার সম্পূর্ণ দায় আমারই।

অনির্দিষ্ট গবেষণা প্রকল্পগুলোর একটির প্রধান অধ্যাপক চেন সুয়েহ-চিহও ক্ষমা চেয়েছেন। শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সাহায্য করার লক্ষ্য ছিল জানিয়ে তিনি স্বীকার করেছেন, এটি অনিচ্ছাকৃতভাবে তাদের ও তাদের পরিবারের ক্ষতি করেছে।

অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, ছাত্ররা দিনে একবার করে রক্ত দিয়েছে। তদন্তে রক্ত নেওয়ার পদ্ধতিতে ত্রুটি পাওয়া যাওয়ার পর নমুনাগুলি ফেলে দেওয়া হয়েছিল।

চেন পেই-ইউ মূলত অভিযোগ করেছিলেন, গবেষণা প্রকল্পে খেলোয়াড়দের টানা ১৪ দিন ধরে দিনে তিনটি রক্তের নমুনা দিতে হয়। খেলোয়াড়দের বেশ কয়েক বছর ধরে এই প্রকল্পে অংশ নিতে হয়েছে।

এনটিএনইউর অধ্যক্ষ উ চেং-চি শনিবার বিশ্ববিদ্যালয়ের অবহেলার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠানের নীতি ও তদারকি পদ্ধতি পর্যালোচনা করা হবে।

তাইওয়ানের উপশিক্ষামন্ত্রী বলেছেন, ঘটনাটি তাদের বিভাগ পর্যালোচনা করবে, পাশাপাশি চৌ ও চেনের কর্মকাণ্ডও পর্যালোচনা করা হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার পৃথকভাবে জানিয়েছে, তারা এনটিএনইউর একজন ফুটবল কোচের কোচিং লাইসেন্স বাতিল করতে পারে। তবে তারা কোনো নাম উল্লেখ করেনি।