যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন ইরানেররানের
নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৫২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইরান গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে। শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন আকস্মিক বোমা হামলা শুরু করে, যার জবাবে তেহরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সংঘাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ক্ষতি হয়।
যুদ্ধ চলাকালে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় বারবার প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়।সেনাবাহিনীর অপারেশন প্রধান মাহমুদ মোসাভির উদ্ধৃতি দিয়ে এদিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, ‘জায়নবাদী শত্রু ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেছিল এবং সেই যুদ্ধে আমাদের কিছু প্রতিরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষাব্যবস্থাগুলো এখন প্রতিস্থাপন করা হয়েছে।’
ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে রয়েছে নিজস্ব নির্মিত বাভার-৩৭৩ ও খোরদাদ-১৫ সিস্টেম, যা ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরোধে সক্ষম।
এ ছাড়া ২০১৬ সালে ইরান রাশিয়ার এস-৩০০ প্রতিরক্ষাব্যবস্থাও বসায়।এই যুদ্ধের ফলে ইরানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়, আর ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৮ জন প্রাণ হারায়। ইসরায়েলের হামলা ইরানের সামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়। ২২ জুন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নজিরবিহীন হামলা চালায়, যার লক্ষ্য ছিল ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জে।
ইরানের পারমাণবিক কর্মসূচির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, ওই স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ দাবির ওপর সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এনবিসি নিউজ শুক্রবার এক সামরিক ক্ষয়ক্ষতির মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে জানায়, তিনটি স্থাপনার মধ্যে কেবল একটিই প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দেন, ইরান যেন পুনরায় তার পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করবেন, যা সম্ভাব্য নতুন সংঘাতের ইঙ্গিত দেয়।চলতি জুলাই মাসের শুরুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইরান যেন আর কখনো ইসরায়েলকে হুমকি দিতে না পারে, তা নিশ্চিত করতে ইসরায়েল একটি পরিকল্পনা প্রণয়ন করছে। তিনি বলেন, ‘তেহরানের ওপর আমাদের আকাশে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, ইরানের ওপর বিধি-নিষেধ আরোপে সক্ষমতা বজায় রাখতে হবে এবং তাদের সক্ষমতা পুনর্গঠনের পথ রোধ করতে হবে।’