সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

অনলাইনে কেনাকাটায় আসক্ত নারী, পার্সেল রাখতে কিনলেন ফ্ল্যাট

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২৫২ মিনিট পড়া
অনলাইনে কেনাকাটায় আসক্ত নারী, পার্সেল রাখতে কিনলেন ফ্ল্যাট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অনলাইনে কেনাকাটার নেশা অনেকেরই থাকে। তবে তা যদি সীমা ছাড়িয়ে যায়, তখন তা রীতিমতো সমস্যার রূপ নিতে পারে। এমনই এক ব্যতিক্রমী ঘটনার খবর মিলেছে চীনের সাংহাই শহরে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানকার ওয়াং নামের ৬৬ বছর বয়সী এক নারী দীর্ঘদিন ধরেই একা বসবাস করেন।

মেয়ে থাকেন বাইরে, আর আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগও প্রায় নেই বললেই চলে। দিন কাটে অনলাইন কেনাকাটা করেই। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাস এতটাই বেড়ে যায় যে পণ্য রাখার জায়গাই ফুরিয়ে যায় তার বাড়িতে।প্রথমে নিজের বাড়ির প্রতিটি ঘরজুড়ে জমতে থাকে প্যাকেট।

এমনকি, বাড়ির নিচের গ্যারেজও ভরে যায় বাক্সে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেখানে আর পা রাখার জায়গাও নেই। শেষমেশ উপায় না দেখে বাড়ির পাশেই একটি নতুন ফ্ল্যাট কিনে ফেলেন ওয়াং। সেখানে পাঠিয়ে দেন সব না খোলা প্যাকেট।
জানা গেছে, একসময় শহরের ডাউনটাউনে বড় একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। পরে তা বিক্রি করে শহরতলির অপেক্ষাকৃত সাশ্রয়ী একটি বাড়িতে ওঠেন। বিপুল পরিমাণ সম্পত্তির মালিক এই নারী কিভাবে সেই অর্থ ব্যয় করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। পাশাপাশি, আশপাশের কেউ যেন তার কাছে অর্থ ধার না চায়—এমন ভেবেই নিজের মতো করে সমাধান খুঁজে নেন তিনি। শুরু করেন লাগামহীন অনলাইন কেনাকাটা।

খাবারদাবার থেকে প্রসাধনী, এমনকি সোনার গয়নাও বাদ যায়নি ওয়াংয়ের কেনাকাটার তালিকা থেকে। দিনে এত পার্সেল আসত যে অনেক সময় সেগুলো খোলারও সুযোগ পেতেন না তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেসব না খোলা প্যাকেটেই তৈরি হয়ে যায় বাক্সের পাহাড়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওয়াং এ পর্যন্ত প্রায় ২০ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি) ব্যয় করে ফেলেছেন অনলাইন কেনাকাটায়।