নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
সভায় তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে হলে জুলাই আন্দোলনের যে চেতনা ও উদ্দেশ্য ছিল, তা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। দুনিয়া সবচেয়ে বেশি ভুগেছে সেই সব মানুষের কারণে, যারা অন্যায় দেখে মুখে কুলুপ এঁটেছে। এই অর্জনকে ধরে রাখতে এবং একটি ন্যায্য, সমতা-ভিত্তিক সমাজ নির্মাণে জুলাই আন্দোলনের মূল চেতনা ও শিক্ষা ধারণ করা জরুরি।’

সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন- যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।
সভা শেষে জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গণহত্যা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ আয়োজনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার পবিত্র কোরআন তেলাওয়াত, স্মৃতিচারণ (জুলাই গল্প বলা) এবং জুলাই ২৪-এর আহত যোদ্ধাদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি রয়েছে।









