সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইউক্রেনে সরকারে বড় রদবদলের পরিকল্পনা ঘোষণা জেলেনস্কির

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২৫৩ মিনিট পড়া
ইউক্রেনে সরকারে বড় রদবদলের পরিকল্পনা ঘোষণা জেলেনস্কির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক বড় রাজনৈতিক রদবদলের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহালকে সরিয়ে তার জায়গায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরিকল্পনা করছেন তিনি। চলমান যুদ্ধে ময়দানে ইউক্রেনের পিছিয়ে পড়া এবং জনমনে হতাশা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন জেলেনস্কি।

জেলেনস্কি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ইউলিয়া সভিরিদেঙ্কোর নাম প্রধানমন্ত্রী পদে প্রস্তাব করবেন।

সভিরিদেঙ্কো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ চুক্তি নিয়ে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন। ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসা বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহালের স্থলাভিষিক্ত হবেন সভিরিদেঙ্কো। তবে এই নিয়োগ কার্যকর হতে হলে পার্লামেন্টে ভোটে অনুমোদন পেতে হবে, যেখানে জেলেনস্কির দল ‘সার্ভান্ট অব দ্য পিপল’-এর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।জেলেনস্কি বলেছেন, তিনি সরকারের একটি ‘পুনর্গঠন’ চান।

এই ঘোষণা এমন এক সময় এল যখন রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ব্যর্থতা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চাপেই চলমান যুদ্ধবিরতি আলোচনা থমকে আছে। সম্প্রতি জরিপগুলোতে দেখা গেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে ইউক্রেনীয় জনগণের মধ্যে হতাশা বেড়েছে। যুদ্ধের শুরুর দিকে যেখানে আশা ছিল প্রবল, তা এখন অনেকটাই কমে গেছে।
জেলেনস্কির রাজনৈতিক বিরোধীরা প্রশ্ন তুলেছেন, একজন উপপ্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করা আসলে কতটা পরিবর্তন এনে দেবে? অনেকের মতে, এটি প্রকৃত পরিবর্তন নয়, বরং একজন ঘনিষ্ঠ অনুগতকে বসিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার কৌশল। প্রেসিডেন্ট জেলেনস্কির বিরুদ্ধে সামরিক আইন প্রয়োগ করে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও বাড়ছে। উল্লেখযোগ্যভাবে, কিছু নির্বাচিত মেয়রকে সরিয়ে সেখানে সামরিক প্রশাসক বসানো হয়েছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ইউলিয়া সভিরিদেঙ্কো ছিলেন সেই আলোচিত চুক্তির নেতৃত্বে, যেখানে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ থেকে মুনাফা ভাগাভাগির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়। এই চুক্তিকে ট্রাম্প সামরিক সহায়তার পূর্বশর্ত হিসেবে দেখেছিলেন।

জেলেনস্কি বলেন, তিনি সভিরিদেঙ্কোর সঙ্গে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো এবং যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত সামাজিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।তিনি জানান, যুদ্ধকালীন এই দুটি বিষয় এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ইউক্রেনের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী অভ্যন্তরীণ নীতিতে বড় ভূমিকা পালন করেন। অতীত প্রেসিডেন্টদের আমলে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যে দ্বন্দ্ব দেখা গেলেও, জেলেনস্কির সময় তার রাজনৈতিক দল পার্লামেন্টে নিয়ন্ত্রণ রাখায় এমন দ্বন্দ্বের সম্ভাবনা কম। পার্লামেন্ট মঙ্গলবার অধিবেশনে বসছে। তবে কবে সভিরিদেঙ্কোর বিষয়ে ভোট হবে, তা এখনও স্পষ্ট নয়।

যদিও যুদ্ধের কারণে নির্বাচন হয়নি, তবুও ইউক্রেনে রাজনৈতিক টানাপোড়েন থেমে নেই। সোভিয়েত যুগ থেকে বেরিয়ে আসা ইউক্রেন আগে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠেছিল। যেখানে রাশিয়া আবার পুরনো দমনমূলক পথে ফিরে গেছে। জেলেনস্কি এখন যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন, যদিও রাশিয়া তা এখনও প্রত্যাখ্যান করে আসছে। তবে ইউক্রেনে রাশিয়ার সঙ্গে কোনো রকম সমঝোতা বা ছাড় দেওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে অজনপ্রিয়। ফলে প্রেসিডেন্ট জেলেনস্কির ক্ষমতা ধরে রাখা কতটা সম্ভব হবে, তা এখনও অনিশ্চিত।